প্রসেনজিৎ মাহাতো
জিততে না পারলেও সুনীল ছেত্রীদের লড়াইয়ে মুগ্ধ ওঁরা। চিনের মাটিতে রেড ড্রাগনদের বিরুদ্ধে দুরন্ত পারফরমেন্স ভারতের। স্টিফেন কনস্টানটাইনের দলের খেলা দেখে উচ্ছ্বসিত প্রাক্তনীরা।
প্রদীপ কুমার ব্যানার্জি: অবশ্যই এটা কৃতিত্বের। চিনের মত শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেছে ভারত। সুনীলদের খেলায় কোনও ভয়ডর ছিল না। ছিল লড়াকু মানসিকতা। যেটা দেখে আমি মুগ্ধ।
অরুণ ঘোষ: ভারতের খেলা দেখে যেটা বলার মত দিক, সেটা হল ভারতীয় ফুটবলারদের খেলায় কোনও জড়তা ছিল না। চিন কঠিন প্রতিপক্ষ জেনেও নিজেদের স্বাভাবিক খেলাটাই খেলেছে সুনীলরা। আমাদের সময়ে এত এক্সপোজার ট্যুর ছিল না। এখন ফেডারেশন ভারতীয় দলকে মাঝেমধ্যেই বিদেশ সফরে পাঠাচ্ছে। এটা খুবই ইতিবাচক ব্যাপার। কর্তাদের বলব, জানুয়ারিতে এশিয়ান কাপের আগে এরকম বিদেশি ট্যুরে আরও যাক ভারতীয় দল।
চুনী গোস্বামি: চিন ভাল খেলেছে। ওদের দুটো শট পোস্টে লেগেছে। চিনের দুর্ভাগ্য যে ওরা জিততে পারেনি। ভারত সারা ম্যাচে ডিফেন্স করে গেছে।
তুলসীদাস বলরাম: ড্র করেছে খুশির খবর। তবে, ভারত জিততে পারলে আরও ভাল লাগত। জেতার মতই খেলেছে। ওরা ভাল খেলেছে। উপভোগ্য ম্যাচ হয়েছে। ভারতীয় ফুটবলারদের কৃতিত্ব দিতেই হবে। চিনের মাটিতে প্রথমবার খেলে না হেরে ফিরছে। এরকম শক্তিশালী টিমের বিরুদ্ধে গোলের সুযোগ নষ্ট করা চলে না। গোল নষ্টের খেসারত দিল ভারত।
সুরজিৎ সেনগুপ্ত: প্রীতম কোটালের গোলটা হয়ে গেলে ম্যাচের ফল অন্যরকম হতেই পারত। দিনের সহজতম সুযোগ। দারুণ লড়াই দিয়েছে ভারত। একে তো চিন শক্তিশালী দল, তারওপর লিপ্পির মত কোচ ছিল। ভারতীয় ফুটবলারদের এই চেষ্টাটাই আগামি দিনে আরও বড় সাফল্য আনবে। ভারতীয় দলের সমস্ত ফুটবলারকে আমার তরফ থেকে অনেক অভিনন্দন জানাচ্ছি।
শ্যাম থাপা: ভারত জিততে না পারলেও এই ড্র অনেক বড় ব্যাপার। চিনের মাটিতে প্রথম খেলল ভারত। গ্যালারিতে বিপক্ষের হয়ে গলা ফাটাতে প্রচুর দর্শক এসেছিল। তার মধ্যেও ভারতীয় ফুটবলাররা মাথা ঠান্ডা রেখে গোটা ম্যাচ খেলে। কোচ স্টিফেনের প্রশংসাও করতে হয়। ফ্রেন্ডলি ম্যাচ হলেও খুব গুরুত্ব দিয়ে ম্যাচটা খেলল। ভারতের গোলরক্ষক গুরপ্রীতের প্রশংসা করতেই হয়। দুর্ধর্ষ পারফরমেন্স। ডিফেন্সও ভাল খেলে। তবে, ভারতের মাঝমাঠ আর একটু সংঘবদ্ধ হলে, গোল হলেও হতে পারত।
সুব্রত ভট্টাচার্য: এখনকার প্রজন্মের ভারতীয় দল মন দিয়ে ফুটবলটা খেলছে। ভাল কিছু করে দেখানোর জন্য প্রাণ দিয়ে খেলছে। তাই, শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হলেও ম্যাচে তীব্র প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যাচ্ছে। শনিবারের ম্যাচেও তাই ছিল। বিপক্ষ কঠিন জেনেও হাল ছেড়ে দেয়নি ভারতীয় দল। চিনের মাটিতে চিনের বিরুদ্ধে ড্র, আমি মনে করি এটা ভারতীয় ফুটবলের জন্য সুখবর। পরবর্তী প্রজন্ম এতে আরও উদ্বুব্ধ হবে। এ দিনের ম্যাচে ভারতীয় দলের সবাই নিজের সেরাটা দিয়ে ম্যাচ জেতার চেষ্টা করেছে। যেটা দেখে খুব ভাল লেগেছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news