নীল রায়
ক্ষোভের বিস্ফোরণ সোমেন মিত্রর। বামেদের সঙ্গে জোট ভাঙার কারন প্রসঙ্গে প্রকাশ্যেই মুখ খুললেন প্রদেশ কংগ্রেস সভাপতি। জোট ভাঙার দায় সরাসরি সিপিএমের ওপর চাপিয়ে দিলেন তিনি। রায়গঞ্জ ও মুরশিদাবাদ আসন রাহুল গাঁধী ছেড়ে দিলেও, জোট প্রসঙ্গে সিপিএম মনোভাব বদলায়নি, এমনও অভিযোগ করেন সোমেন মিত্র। রবিবার দিল্লি রওনা হওয়ার আগে বিধান ভবনেই সাংবাদিক সম্মেলন করে রাজ্য কংগ্রেসের অবস্থান স্পষ্ট করে দিলেন তিনি। এদিন জোট ভাঙ্গার দায় সিপিএমের ওপর চাপিয়ে সোমেন মিত্র বলেন, “আমাদের ডাক্তার সেলের চেয়ারম্যানকে বামেদের তালিকায় প্রার্থী হিসেবে ঘোষণা করা হল। কংগ্রেসকে না জানিয়ে। দার্জিলিংয়ে আমাদের প্রার্থী কে হবেন তাও সিপিআইএম ঠিক করে দেবে। এমনটা হলে আর কোনও আলোচনা সম্ভব নয়।” জোটের নামে নিজেদের প্রার্থী কংগ্রেসের ঘাড়ে চাপিয়ে দিতে ছেয়েছিল সিপিআইএম, এদিন এমনটাই বোঝতে চান সভাপতি। জোট নিয়ে বামেদের নাছোড় মনোভাবের ফলেই জোট সম্ভব হল না, তাও উল্লেখ করেন সোমেন। কংগ্রেস বিধায়ক তথা জোট আলোচনায় অংশগ্রহনকারী নেতা শংকর মালাকার বলেন, “কোচবিহার ফরোয়ার্ড ব্লক প্রার্থী দেবে। বালুরঘাটে ও আলিপুরদয়ারে আর এস পি প্রার্থী দেবে। রায়গঞ্জ ও জলপাইগুড়িতে সিপিআইএম প্রার্থী দেবে। তাহলে উত্তরবঙ্গের ৬টি জেলায় কোনও প্রার্থী বা পতাকা থাকবে না। এটা কংগ্রেস কর্মীরা মেনে নেবে না।” এদিন রাতে সোমেন মিত্রর সঙ্গে দিল্লি গিয়েছেন দীপা দাশমুন্সি ও শঙ্কর মালাকার। ৪২টি আসনে প্রার্থী দেওয়ার চূড়ান্ত সিলমোহর আদায় করতেই তাদের দিল্লি যাত্রা বলে জানিয়েছেন সোমেন মিত্র। আগামীকাল বিকেলের মধ্যে এ ব্যাপারে স্পষ্ট কিছু বলা সম্ভব হবে বলেই বিমান ধরতে রওনা দেন কংগ্রেস নেতারা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news