নীল রায়
মমতার ব্রিগেড সমাবেশের মঞ্চ থেকে যারা গণতন্ত্র বাঁচাও ডাক দিয়েছিলেন, এবার তাদেরই পশ্চিমবঙ্গের গণতন্ত্রের চিত্র দেখালেন বিজেপি নেতা মুকুল রায়। মঙ্গলবার কাঁথিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সভায় যোগ দিয়ে ফেরার পথে তৃণমূল কর্মীদের হাতে আক্রান্ত হন বিজেপি কর্মী সমর্থকরা, অভিযোগ অন্তত এটাই ছিল। ঘটনার দিন রাতে ট্যুইট করে মুকুল বাংলার গণতন্ত্রের চিত্র দেখালেন ব্রিগেড সমাবেশে যোগদানকারী ৮ জন নেতাকে। নিজের ট্যুইটের সঙ্গে কয়েকটি ছবিও পোস্ট করেন, যেখানে তৃণমূল বাহিনীর হাতে বিজেপি কর্মীদের আক্রান্ত হওয়ার চিত্র ফুটে উঠেছে। ট্যুইটের প্রথম অংশে মুকুল লিখেছেন, বাংলায় বিজেপির উত্থানে তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায় এত আতঙ্কিত কেন? ট্যুইটের এরপরে অংশেই ৮ জন নেতাকে নিজের টুইটি ট্যাগ করেছেন মুকুল রায়। ট্যুইটটি ট্যাগ করা হয়েছে সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, টিডিপি নেতা তথা অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন. চন্দ্রবাবু নাইডু, আরজেডি নেতা লালু প্রসাদ যাদবের পুএ তেজস্বী যাদব, গুজরাটের পিছিয়ে পড়া সম্প্রদায়ের নেতা জিগ্নেশ মেভানি, গুজরাটের পাতিদার আন্দোলনের নেতা হার্দিক পাটেল ও ন্যাশনাল কনফারেন্স নেতা তথা কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাকে। ট্যাগ করার পর লেখা হয়েছে দেখুন পশ্চিমবঙ্গের গণতন্ত্রের চেহারা। বাংলার রাজনীতিতে বরাবরই চাণক্য হিসেবেই পরিচিত একদা তৃণমূল কংগ্রেসের সেকেন্ড-ইন-কমান্ড এই নেতা। জোড়া ফুল ছেড়ে গেরুয়া শিবিরে যোগ দিলেও তাঁর রাজনৈতিক ধার যে এতোটুকু মরচে পড়েনি তা তিনি এই মোক্ষম টুইটে র মাধ্যমে বুঝিয়ে দিতে চেয়েছেন। ট্যুইট এর শেষ অংশে তিনি ওই সমস্ত নেতাদের কমেন্ট দাবি করেছেন। প্রসঙ্গত বিজেপিতে যোগদানের আগে মুকুল রায় কে সেভাবে সোশ্যাল মিডিয়ায় অভ্যস্ত হতে দেখা যায়নি। কিন্তু সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব যেভাবে সোশ্যাল মিডিয়াকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেন, এক্ষেত্রে মুকুল তাই করেছেন। এবং নরেন্দ্র মোদিকে গণতন্ত্র বিরোধী বলে ক্রমাগত আক্রমণ করা নেতাদেরকেই ট্যাগ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের গণতন্ত্র নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন সর্বভারতীয় ক্ষেত্রে। গত এক বছর সময় ধরে বিজেপিতে যোগদানের পড়ে নানাভাবে শীর্ষ নেতৃত্বে মনোযোগ নিজের দিকে টানতে সফল হয়েছে মুকুল রায়। ফলস্বরূপ নয়াদিল্লিতে জাতীয় সমাবেশে মুকুল রায়কে বক্তাদের তালিকায় স্থান দিয়েছিলেন নরেন্দ্র মোদী ও অমিত শাহ। তবে মুকুল রায়ের বড় পরীক্ষা আগামী লোকসভা নির্বাচনে এ রাজ্য থেকে বিজেপি বেশি সংখ্যক আসন জেতানো। কারণ তাঁকেই এবার লোকসভা ভোটের নির্বাচন কমিটির প্রধান করা হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news