ভাস্কর মান্না
কর্ণাটকে কংগ্রেস জেডিএস সরকারের উপর থেকে সমর্থন তুলে নিল দুজন নির্দল বিধায়ক। এদিন রাজ্যপাল ভাজুভাই ভাল্লার কাছে সমর্থন প্রত্যাহারের কথা জানিয়ে এসেছে দুই বিধায়ক আর শঙ্কর ও এইচ নাগেশ। তাঁরা জানিয়েছেন, তাঁদের সমর্থন ছিল একটি শক্তিশালী স্থায়ী জোট সরকারের উপর। কিন্তু যেভাবে কংগ্রেস-জেডিএস নিজেদের মধ্যে দ্বন্দ্বে নেমেছে, তাতে এই সরকারে থাকা অনুচিত বলেই মনে করছেন তাঁরা। স্থায়ী সরকার পেতে আমরা বিজেপিকে সমর্থন করবে বলেই জানিয়েছেন দুই পদত্যাগী বিধায়ক।
উল্লেখ্য, ২২৪ আসনের কর্ণাটক বিধানসভায় ১১৭ আসন নিয়ে জোট সরকার গড়েছিল কংগ্রেস ও জেডিএস। বিজেপির ঝুলিতে ছিল ১০৪ টি আসন। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার থেকে ৯টি আসন কম। গতকাল কংগ্রেস অভিযোগ করেছিল, সরকার ফেলতে ১৬-১৭ জন বিধায়ককে পদত্যাগ করাতে চাইছে গেরুয়া শিবির। পাল্টা দিল্লিতে কর্ণাটকের বিজেপি বিধায়করা অভিযোগ তুলেছেন, কুমারস্বামীই বিজেপির বিধায়কদের ভাঙার চেষ্টা করেছেন। রাজ্যের বিজেপি নেতা বি এস ইয়েদুরাপ্পা বিধায়কদের দু-তিন দিন দিল্লিতে থাকার নির্দেশ দিয়েছেন।
তবে কর্ণাটকের কংগ্রেস ও জেডিএসের যে দ্বন্দ রয়েছে তা মানছেন অনেক নেতারা। এদিন কর্ণাটকের ২৮ টি লোকসভা আসনের মধ্যে জেডিএস ১২টি আসনের দাবি তুললে তা দিতে অস্বীকার করে কংগ্রেস। তারপরেই দুদলের গোলমাল প্রকাশ্যে চলে আসে। এ প্রসঙ্গে বিজেপির এক নেতার কথায়, “যে জোট সরকার ১০০দিন সরকার চলাতে পারে না। তারা আবার জোট করে মোদির বিরুদ্ধে লড়াই করবে!”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news