ভাস্কর মান্না:
‘সবকা সাথ, সবকা বিকাশ’ মন্ত্রের উপর ভর করেই লোকসভা ভোটের বৈতরণী পার করছেন তিনি। ক্ষমতায় এসেছেন বিপুল জনসমর্থন নিয়ে। আর এই জনসমর্থনই বিশ্বাসের রূপ নিয়েছে বলে মনে করেন তিনি; অর্থাৎ তাঁর ভাষায়, ‘সবকা বিশ্বাস’। সংসদের অধিবেশন শুরুর প্রথম দিনে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায় ফের শোনা গেল সেই মন্ত্র ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস’।
সোমবার সংসদের অধিবেশন শুরুর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “অনেক বছর পর একটি সরকার আবার দু’বার ক্ষমতায় এসেছে। এটা সম্ভব হয়েছে দেশের জনতার বিশ্বাসের জন্য। আগামীদিনে এই বিশ্বাসের উপর ভর করেই আমরা এগিয়ে যাব।” পাশাপাশি সব সাংসদকে মানুষের জন্য বেশী করে কাজ করার কথা বলেছেন তিনি। একইসঙ্গে গণতন্ত্রে বিপক্ষের মর্যাদাকে অক্ষুন্ন রেখে বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন, “প্রতিপক্ষকে বলব নম্বরের চিন্তা ছেড়ে দিন। জনতার রায়কে স্বাগত জানান। সংসদের মধ্যে আপনাদের প্রত্যেকটা কথা আমাদের কাছে মূল্যবান, আপনাদের প্রত্যেকটা ভাবনা আমাদের কাছে মূল্যবান।”
স্বাধীনতার পর থেকে সবথেকে বেশী মহিলা সাংসদ নির্বাচিত হয়েছেন এবারের ভোটে। তাঁদেরকে এবং নতুন সকল সাংসদকে স্বাগত জানিয়েছেন মোদী। একইসঙ্গে সকল সাংসদকে সংসদে অধিক সংখ্যায় উপস্থিত থাকার আহ্বানও করেছেন তিনি।
আজই সংসদে সকল সাংসদকে শপথ বাক্য পাঠ করান কার্যনির্বাহী স্পিকার বীরেন্দ্র কুমার। আঞ্চলিক ভাষাকে সম্মান জানিয়ে, যে যাঁর আঞ্চলিক ভাষায় শপথ নেন সাংসদেরা। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ নিতে উঠলে ‘মোদী, মোদী’ স্বাগত জানান বিজেপি সাংসদেরা। পাশাপাশি পশ্চিমবঙ্গের রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী শপথ বাক্য পাঠ করতে উঠলে ‘জয় শ্রী রাম’ জয়ধ্বনির সমারোহ দেখা যায় বিজেপি সাাংসদের মুখে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news