নিজস্ব সংবাদদাতা। ফের ধাক্কা অনুব্রত মণ্ডলের বীরভূমে। এবার দল ছাড়লেন তৃণমূলের প্রতিষ্ঠাতা সদস্য তথা দুবরাজপুর টাউনের সভাপতি প্রভাত চট্টোপাধ্যায়। দুবরাজপুর পুরসভার পাঁচ বারের কাউন্সিলর তিনি। তৃণমূলের দুবরাজপুর শহর সভাপতি থাকার পাশাপাশি বক্রেশ্বর উন্নয়ন পর্ষদের সদস্যও ছিলেন। লোকসভা ভোটের সময় থেকেই দলের সঙ্গে দুরত্ব তৈরি হয়েছিলো প্রভাতের। ভোটের ফল প্রকাশের পর সেই দুরত্ব আরও বেড়ে যায়। কারণ দুবরাজপুর থেকে বিজেপির ব্যবধান পেয়েছিল প্রায় ১৪ হাজারেরও বেশি ভোটের। ইদানিং দলের দু:সময়ে পাশে না থাকার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। রবিবার দুবরাজপুরে শোকজ করেন জেলা সভাপতি অনুব্রত মন্ডল। দল করতে হলে দশ দিনের মধ্যে প্রভাত চট্টোপাধ্যায়কে জানাতে হবে বলেও তিনি সময়সীমা বেঁধে দেন। এরপরই সোমবার সকালে দলত্যাগ করার কথা ঘোষণা করেন প্রভাত চট্টোপাধ্যায়। তিনি অনুব্রতর প্রতি ক্ষোভ অভিমান উগরে দেন। প্রভাত চট্টোপাধ্যায়ের দলত্যাগ তৃণমূলের কাছে বড় ধাক্কা বলে মনে করছে বীরভূমের রাজনীতি সচেতন নাগরিকরা। তবে এখনই তিনি অন্য কোনও রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন কিনা সে বিষয়ে খোলাসা করেননি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news