নিজস্ব সংবাদদাতা , বাঁকুড়া
বাঁকুড়া সংশোধনাগারে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হল নাবালিকা ধর্ষণ কাণ্ডে সাজাপ্রাপ্ত বাঁকুড়া রামকৃষ্ণ মিশনের এক মহারাজের। মৃতের নাম স্নেহাশিস মহারাজ (চৌধুরী)। জেলা সংশোধনাগারের ৩ নং ওয়ার্ডের বাথরুম থেকে আজ সকালে মহারাজের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।
বাঁকুড়া রামকৃষ্ণ মিশন ও আশ্রমে দীর্ঘদিন দায়িত্বে ছিলেন স্নেহাশিস মহারাজ। ২০১৬ সালের অক্টোবর মাসে এক নাবালিকার পরিবারের তরফে বাঁকুড়া সদর থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করে বাঁকুড়া সদর থানার পুলিশ। অভিযোগ, মিশন-এলাকারই এক নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণ করেন ওই মহারাজ। শুধু তাই নয়, আপত্তিজনক অবস্থায় মোবাইল ক্যামেরায় একাধিক ছবিও তোলেন তিনি। ঘটনা প্রকাশ্যে আসার পর ২০১৬ সালের ২১ অক্টোবর মেয়েটির পরিবার বাঁকুড়া সদর থানায় অভিযোগ দায়ের করে। বর্ধমানের মেমারি থেকে গ্রেফতার করা হয় স্নেহাশিস মহারাজ ( চৌধুরী)-কে।
স্নেহাশিস মহারাজ বাঁকুড়া রামকৃষ্ণ মিশনের গ্রন্থাগারের দায়িত্বে ছিলেন। এলাকার ওই নাবালিকাকে গ্রন্থাগারে পড়ানোর অছিলায় দিনের পর দিন জোর করে শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন বলে অভিযোগ। বহু দিন ধরে এ ঘটনা ঘটলেও মেয়েটির পরিবার কোন কিছুই জানতে পারেনি। অবশেষে মহারাজের মোবাইল ক্যামেরার ছবি হাতছাড়া হয়, তা ভাইরাল হতেই এই অপকীর্তি সামনে আসে। গ্রেপ্তার হন মহারাজ। তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ও পকসো ধারায় মামলা রুজু হয়। বিচার প্রক্রিয়া শেষে ২০১৭ সালে মহারাজের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেয় বাঁকুড়া জেলা আদালত। বাঁকুড়া জেলা আদালতের রায়কে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করা হয়েছিল। কিন্তু শেষরক্ষা হল না। উচ্চ আদালতে মামলা বিচারাধীন থাকাকালীন সংশোধনাগারের বাথরুম থেকে স্নেহাশিস মহারাজের ঝুলন্ত দেহ উদ্ধার হল। কী কারণে এই অপমৃত্যু তা খতিয়ে দেখছে বাঁকুড়া সদর থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।
বিভিন্ন বিষয়ে ভিডিয়ো পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন
https://www.youtube.com/channelhindustan
https://www.facebook.com/channelhindustan
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news