শ্রেয়সী কুণ্ডু, শিলিগুড়ি:
শনিবার বনদপ্তরের বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা বিশেষ অভিযান চালিয়ে চিতাবাঘের চামড়া সহ নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে দু’জনকে গ্রেফতার করে। অভিযুক্ত দু’জনেই নেপালের বাসিন্দা। বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্ত এদিন জানিয়েছেন, ধৃতদের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে চিতাবাঘটিকে মাসখানেক আগে নেপালের জঙ্গলে মারা হয়েছিল। বনদপ্তরের দাবি, একটিমাত্র গুলিতেই সেটি মারা গিয়েছে। চিতাবাঘের হৃদযন্ত্রের কাছে একটি গুলির চিহ্নও উদ্ধার হয়েছে। ধৃতদের একজনের বাড়ি নেপালের বিরাটনগরে। সে ওই এলাকার একটি হোটেল মালিক। অন্যদিকে দ্বিতীয়জন শিক্ষিত ব্যক্তি। এদের নাম মুকুন্দ পোখরেল এবং জ্ঞান পোংদেন। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে তিন লক্ষ টাকায় চিতাবাঘটির চামড়া কেনা হয়েছিল। সেটি বাংলাদেশে পাচার করার জন্য নেপাল সীমান্ত দিয়ে রাতে ভারতে ঢোকে। আট লক্ষ টাকায় সেটি বাংলাদেশে বিক্রির জন্য সওদা করা হয়েছিল। ধৃতদের কাছ থেকে মালয়েশিয়ার একটি পাসপোর্টও উদ্ধার হয়েছে। এতেই বোঝা যাচ্ছে এরা এর আগেও চিতাবাঘের চামড়া বা বন্যপ্রাণীর দেহাংশ বিদেশে পাচার করেছে।
উল্লেখ্য, শুক্রবার বনদপ্তরের কাছে খবর আসে গভীর রাতে নেপাল সীমান্ত দিয়ে একটি দল চিতাবাঘের চামড়া নিয়ে ভারতে ঢুকবে। সেই অনুযায়ী পুলিশের একটি দল সেখানে সন্ধ্যা থেকেই ঘাঁটি গেঁড়ে বসে। অভিযুক্ত দু’জন নেপাল সীমান্ত দিয়ে পানিট্যাঙ্কিতে এলে তাদের ধরে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তাদের কাছ থেকে একটি স্কুল ব্যাগ পাওয়া যায়। সেটিতে চিতাবাঘের চামড়া সহ হাড়গোড় মেলে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news