চিরঞ্জিৎ ঘোষ
সারা দেশের পাশাপাশি রাজ্য জুড়ে লোকসভা নির্বাচনের আগে শুরু হয়েছে দল বদলের পালা। প্রায় প্রতিদিনই রাজ্যে দল বদলের খবর পাওয়া যাচ্ছে। মুর্শিদাবাদে শাসক দল থেকে কংগ্রেসে যোগদান করলেন বহু সদস্য। সম্প্রতি বহরমপুর সহ প্রায় সব ব্লকেই তৃণমূল থেকে অনেকেই মুখ ফিরিয়ে নিতে শুরু করেছেন। রবিবার দুপুরে বহরমপুরে জেলা কংগ্রেস কার্যালয়ে সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে তৃণমূল থেকে কংগ্রেসে যোগদান করল বেলডাঙ্গা এস আর এফ কলেজের তৃণমূল ছাত্র পরিষদের বহু সদস্য এবং রানীনগর ২ নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি, পঞ্চায়েত প্রধান, মালিবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সহ বেশ কয়েকজন প্রাক্তন পঞ্চায়েত সদস্য সহ কয়েক হাজার কর্মী সমর্থক।
এদিন জেলা কংগ্রেস কার্যালয়ে যোগদান পর্বে একটি সভার আয়োজন করা হয়। সভা থেকে ব্রিগেড সমাবেশ ও রাজ্যের শাসন দলকে তীব্র ভাষায় আক্রমণ করেন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।
এদিন তিনি মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন কাল ব্রিগেড হয়ে গেল আর প্রধানমন্ত্রী হয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দিদি গেলেন দেশ চালাতে, বুয়া গেলেন দেশ চালাতে আর বাবুয়া গেলেন প্রদেশ চালাতে। আমরা এই বুয়া বাবুয়ার দুঃস্বপ্ন কখনও সফল হতে দেবো না। তৃণমূলের ব্রিগেডের নামে ৪ দিন ধরে কলকাতায় পিকনিক হয়েছে। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় আগেও ব্রিগেড সমাবেশ করেছিলেন তখন গরিব মানুষ উপচে পরেছিল,আর সেদিন সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় মা মাটি মানুষের নেত্রী ছিলেন কিন্তু আজ তিনি লুঠেরাজের নেত্রী। তাই আজ তাকে ব্রিগেডে লোক ভরাতে বাড়িতে বাড়িতে টাকা, মদ দিয়ে বাস ভাড়া করতে হয়। এদিন যোগদানকারীদের হাতে দলীয় প্রতাকা তুলে দেন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। উপস্থিত ছিলেন রানীনগরের বিধায়ক ফিরোজা বেগম সহ জেলা কংগ্রেস নেতৃত্ব ও কর্মী সদস্যরা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news