নিজস্ব সংবাদদাতা:
ভাঙনের মুখে দক্ষিণ কলকাতার কংগ্রেস। কয়েকদিন আগে রুবী মুখোপাধ্যায়ের নেতৃত্বে বেশ কয়েকজন কংগ্রেস কর্মী বিজেপিতে যোগ দিয়েছেন। এবার আরও বড় আকারে বিজেপিতে যোগদানের প্রক্রিয়া চলছে দক্ষিণ কলকাতায়। দক্ষিণ কলকাতায় তৃণমূলের প্রশ্নাতীত দাপটের মধ্যেও দীর্ঘ দিন ধরে কংগ্রেসের সংগঠন ধরে রাখা এই নেতা এখন বিজেপিমুখো। কংগ্রেসের অধীর চৌধুরীর অনুগামী এই নেতার বিজেপি যাত্রার মধ্যে অনেকেই অধীরের বিজেপি যোগদানের সলতে পাকানো দেখছেন।
সাংগঠনিক শক্তি সম্পন্ন এই নেতার কথায়, ‘সোমেনদা শ্রদ্ধেয় নেতা। তিনি কংগ্রেসকে নিজের পায়ে দাঁড়াবার কথা বলছেন, কিন্তু স্পষ্ট করে বলতে পারছেন না উনিশে তৃণমূলের সঙ্গে জোট হবে কিনা!’ তাঁর মতে তৃণমূলের বিরুদ্ধে লড়তে গিয়ে যদি সব সময় দিল্লির স্বার্থের কথা মাথায় রাখতে হয় তাহলে তৃণমূলের বিরুদ্ধে লড়াইতে সততা থাকে না, বিশ্বাসযোগ্যতাও থাকে না। ‘
এই যুক্তিতেই এবার বিজেপির দিকে পা বাড়াতে চলেছেন এই অধীর অনুগামী।
সুত্রের খবর কৈলাস বিজয়বর্গীয় সহ আরও কয়েকজন দিল্লির নেতার সঙ্গে তাঁর কথা হয়েছে। তাঁকে দলে নেওয়ার ব্যাপারে মুকুল রায়েরও কোনও আপত্তি নেই। বরং তাঁকে দলে নিলে দক্ষিণ কলকাতায় কংগ্রেসের উল্লেখযোগ্য ভাঙন হবে বলেই মনে করছে বিজেপি নেতৃত্ব।
এর মধ্যে পরিস্থিতির আকস্মিক কোনও বদল না ঘটলে দক্ষিণ কলকাতায় কংগ্রেসের এই ‘উল্লেখযোগ্য ভাঙন’ শুধু সময়ের অপেক্ষা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news