নিজস্ব সংবাদদাতা
পয়লা বৈশাখ নাকি নিউ ইয়ার্স ডে? জেন–ওয়াই এখন তা নিয়েই দ্বিধাবিভক্ত। অনেকেই বলেন, এখন নাকি পয়লা বৈশাখ কবে যে পেরিয়ে যায়, বোঝাই যায় না। কিন্তু, নিউ ইয়ার্স ডে–তে পার্কস্ট্রিটে আলো ঝলমল করে। বাচ্চারা গ্রিটিংস কার্ড দেওয়া–নেওয়া করে। মালুম পাওয়া যায়। কিন্তু পয়লা বৈশাখ? যে যা–ই বলুক, পয়লা বৈশাখ মানে বাঙালির কাছে একটা আবেগ। ভালবাসা। ব্যবসায়ীদের কাছে অন্যতম পবিত্র একটা দিন। খেলার ময়দানেও পয়লা বৈশাখ অন্য মাত্রা রাখে। ময়দানে বারপুজো। নতুন বছরের প্রথম দিনে প্রতিজ্ঞা নেওয়ার দিন।
এসবের থেকে পিছিয়ে নেই দক্ষিণ কলকাতার অভিজাত ক্লাব ক্যালকাটা রোয়িং ক্লাবও। সারা বছরের মত এবারও জাঁকজমকপূর্ণ ভাবে পালিত হবে পয়লা বৈশাখ। ইতিমধ্যেই ক্লাবের সদস্যদের মধ্যে তোড়জোরের ব্যস্ততা। ক্লাবের সচিব চন্দন রায়চৌধুরি এবং সভাপতি তপন মিত্র জানান, এবারে পয়লা বৈশাখে এক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। মঞ্চ মাতাবে আসছেন বাংলাদেশের গায়িকা অনিমা রায়। সোমবার সন্ধে সাড়ে সাতটা থেকে ক্যালকাটা রোয়িং ক্লাব গানে–আলোয় ভরে উঠবে। সেইসঙ্গে থাকছে দেদার খাওয়া–দাওয়া। পয়লা বৈশাখ যখন তখন বাঙালি খাবারের আয়োজন থাকবে। বর্ষবরণে একেবারে মহাভোজ। খাবারের তালিকায় কী নেই। তরমুজের শরবত, লুচি, ছোলার ডাল, বেগুন ভাজা, পোস্ত বরা, পোলাও, পটল পোস্ত, ছানার কোফতা, ফুলকপির রোস্ট থেকে কষা মাংস থেকে চিংড়ি মাছের মালাইকারি, দই কাতলা, চাটনি, পাপড়, কেশর কুলফি থেকে পান। এলাহি আয়োজন। তৈরি ক্যালকাটা রোয়িং ক্লাব। এখন শুধু মহাভোজের মাহেন্দ্রক্ষণের অপেক্ষা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news