ভাস্কর মান্না
দক্ষিণ পূর্ব রেলের বেশ কয়েকটি রুটে ট্রেনের গতিবেগ বাড়ানো হবে। কিন্তু সেই গতির ট্রেনকে রেল লাইন বহন করতে পারবে কিনা, তার জন্য দরকার রেল লাইন পরীক্ষা করা। আর সেই পরীক্ষা হবে ট্রেনের মধ্যে বালির বস্তা রেখে। আজ থেকে রেলের ট্র্যাক পরীক্ষা করার জন্য ট্রায়াল রান শুরু করা হবে।
হাওড়া – টাটানগর শাখায় মেল ও এক্সপ্রেস ট্রেন ঘণ্টায় সর্বোচ্চ ১১০ কিমি বেগে চলে। তা বাড়িয়ে ১৩০ কিমি করা হবে বলে জানান রেল কর্তৃপক্ষ। তাই আগামি দুসপ্তাহ ধরে এই শাখায় বিভিন্ন স্টেশনের মধ্যে বিশেষ ট্রেন চালিয়ে লাইনের সহ্য শক্তি পরীক্ষা করা হবে। আর বিশেষ ট্রেনে যাত্রীর পরিবর্তে থাকবে বালির বস্তা।
সর্বোচ্চ গতিবেগে পরীক্ষামূলক ট্রেন চালানোর সময় দুর্ঘটনা এড়াতেই যাত্রীর পরিবর্তে বালির বস্তা রাখার সিদ্ধান্ত নেয় রেল। রেল সূত্রে খবর, প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১৩০ কিমি গতিবেগ ও সেই অনুসারে বহন ক্ষমতা সহ্য করার জন্য রেলের ট্র্যাক উন্নত করা হয়েছে। এরপর আরওএসও শংসাপত্র দিলে তবেই ১৩০ কিমি বেগে ট্রেন চলবে। তাই শংসাপত্র দেওয়ার আগে ট্র্যাকটি পরীক্ষা করা হবে ।
সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ১লা এপ্রিল থেকে সর্বোচ্চ ১৩০ কিমি প্রতি ঘণ্টায় ওই শাখায় ট্রেন চলাচল শুরু হবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news