নীল বণিকঃ
রাজ্যের ধান সংগ্রহ নিয়ে সরাসরি খাদ্য দফতরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। তিনি অভিযোগ করেন, অনিকেত ইন্ডিয়া নামে একটি রাইস মিলের দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই রাইস মিল থেকে প্রায় ৪০০ কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে বৃহস্পতিবার বিজেপির রাজ্য সদর দফতরে অভিযোগ করেন রাহুল সিনহা। রাজ্যের পুলিশ এই রাইস মিলের বিরুদ্ধে তদন্ত করছেন না বলেও অভিযোগ করেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক। তাই ধান সংগ্রহ নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সিবিআই তদন্তের দাবি জানান রাহুল সিনহা। তাছাড়া রাজ্যের মানুষকে এই দুর্নীতির কথা জানাতে রাজ্য জুড়ে আন্দোলনে নামছে কিষান মোর্চা।
আগামী ২৭ ফেব্রুয়ারি পূর্বমেদিনীপুরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কৃষ্ণনগরে রাহুল সিনহা ও পূর্ববর্ধমান জেলায় মুকুল রায়ের নেতৃত্বে আন্দোলনে নামতে চলেছে বিজেপি। এই তিন জেলায় জেলাশাসকের দফতরের সামনে বিজেপি কর্মীরা আন্দোলন করবেন বলে জানান রাহুল সিনহা। এইসঙ্গে যুব মোর্চার মিছিলে পুলিশের লাঠি চার্জের প্রতিবাদ জানান তিনি। রাহুল সিনহা রাজ্য সরকারকে কটাক্ষ করে বলেন, প্রশ্ন ফাঁসের সময় পুলিশের এই তৎপরতা কোথায় ছিল! তখন পুলিশ তৎপর হলে এই কাণ্ড হয় না। আর এখন গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের সক্রীয় ভূমিকা দেখা যাচ্ছে, অভিযোগ করেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news