চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
৫ আগস্ট অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ভূমি পুজো রয়েছে। ওইদিনই রাজ্যে লকডাউন জারি করেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ বিজেপি রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “আমরা লকডাউন মানতে রাজি আছি। লকডাউনের তাৎপর্যও আমরা জানি। কিন্তু রাজ্য সরকারের দেখা উচিত রাম মন্দির নির্মাণের দিন মানুষের মনে কষ্ট যাতে না হয়। এমনিতেই মানুষ কষ্টে আছেন। ৪০০, ৫০০ বছর ধরে লড়াই করার পর রাম মন্দির নির্মাণ হচ্ছে।”
দিলীপ ঘোষের দাবি, “ওই দিন মানুষের মনের উছ্বাস ও আবেগ বহিঃপ্রকাশ হয়ে যাতে আনন্দ করতে ও শ্রদ্ধা জানাতে পারেন, তাঁর উপযুক্ত পরিবেশের জন্য লকডাউনকে তুলে নেওয়া হোক।” রাম মন্দিরের ভূমি পুজোর দিন বিজেপি কর্মীরা শঙ্খধ্বনি, ঘন্টাধ্বনির ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে বিজয় উৎসব পালন করবেন বলে জানান দিলীপ ঘোষ। তিনি বলেন, “আমরা ভারতীয় সংস্কৃতির ওপর শ্রদ্ধা রাখি, তাই রাম মন্দির আন্দোলনকে সমর্থন করেছি। যখন অযোধ্যায় ভূমি পুজা হবে, তখন শঙ্খধ্বনি, ঘণ্টাধ্বনির মাধ্যমে এই বিজয় উৎসব পালন করা হবে। এবং সন্ধ্যেবেলায় বাড়ির বাইরে প্রদীপ প্রজ্বলন করা হবে।”
পাশাপাশি দলের অভ্যন্তরীণ ব্যাপার নিয়ে চক্রান্ত করা হচ্ছে বলে এদিন অভিযোগ করেন মেদিনীপুরের সাংসদ। এর জন্য তিনি সংবাদমাধ্যমকে কাঠগড়ায় তোলেন। তিনি বলেন, “বিজেপির মধ্যে বিভেদ চলছে এ নিয়ে কিছু সংবাদমাধ্যম বিভ্রান্তিমূলক খবর প্রচারিত করছে। দলের তরফ থেকে এটাকে আমি ধিক্কার জানাচ্ছি।” দিল্লিতে জেলা স্তরের নেতাদের নিয়ে করা বৈঠকে দিলীপ ঘোষে সঙ্গে মুকুল রায় ঘনিষ্ঠ নেতাদের বাদানুবাদের খবর উঠে আসে। এরপরই দিলীপ ঘোষ নাকি সভাপতি পদ থেকে পদত্যাগ করতে চেয়েছিলেন। এদিন সেই দাবিকে পুরোপুরি খারিজ করে দিলীপ ঘোষ বলেন, “আমি যদি পদত্যাগ করলে চাইলে, এতদিন থাকতাম না। আমি তো বুকে পা দিয়ে রাজনীতি করতে এসেছি। যে সামনে আসবে তার বুকে পা দিয়ে রাজনীতি করব। আর বাংলার পরিবর্তন দিলীপ ঘোষ একাই করতে পারবে। যার এই আত্মবিশ্বাস না থাকবে সে বাড়িতে বসে থাক। বিজেপির মুখ্যমন্ত্রী হওয়ার পর মিষ্টি খেতে আসবেন।”
প্রসঙ্গত, একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ চ্যানেলে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ, অর্জুন সিংহ সহ অনেক নেতা তৃণমূলে ফিরে যাচ্ছেন বলে খবর প্রচারিত হয়। এই খবরকে সম্পূর্ণ অস্বীকার করেন সাংসদ সৌমিত্র খাঁ। ওই টিভি চ্যানেল তৃণমূলের কাছ থেকে টাকা নিয়েছে বলে অভিযোগ করেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news