ওয়েব ডেস্ক
রাজ্যের চারটি জেলায় অবৈধভাবে সম্প্রচারিত বাংলাদেশের টিভি চ্যানেলগুলোকে অবিলম্বে বন্ধ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি নবান্নে মাল্টিপল সিস্টেম অপারেটর (এমএসও) এবং কেবল অপারেটরদের সঙ্গে মমতা বলেন, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান ও পূর্ব মেদিনীপুরে বেশ কয়েকটি বাংলাদেশী চ্যানেল বিনা অনুমতিতে দেখানো হচ্ছে। অবিলম্বে সেগুলো দেখানো বন্ধ করার জন্য মুখ্যমন্ত্রী এমএসও এবং কেবল অপারেটরদের নির্দেশ দিয়েছেন।
মমতা অভিযোগ করেছেন, এই সব বাংলাদেশী টিভি চ্যানেলগুলি এমন সব স্পর্শকাতর বিষয় প্রচার করছে, যার ফলে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত হতে পারে।
কেবল অপারেটররাও স্বীকার করেছেন যে, আইন না মেনেই বিভিন্ন জেলায় বাংলাদেশের কিছু টিভি চ্যানেল দেখানো হচ্ছে। উল্লেখ্য, ভারতে বাংলাদেশি টিভি চ্যানেল দেখানোর কোনও অনুমতি নেই। অবশ্য বাংলাদেশের টিভি চ্যানেল কর্তৃপক্ষ বহুদিন ধরেই চেষ্টা করছেন পশ্চিমবঙ্গে বাংলাদেশী টিভি চ্যানেলর সম্প্রচারের জন্য। কিন্তু বাংলাদেশের টিভি চ্যানেলগুলোর বক্তব্য, পশ্চিমবঙ্গের কেবল অপারেটররা সেজন্য প্রচুর অর্থ দাবি করছেন। সম্প্রতি কলকাতা সফরে এসে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলে গিয়েছেন, ভারতে বাংলাদেশি চ্যানেল দেখানোর জন্য আলোচনা চলছে। কিছুদিন আগেই দিল্লিতে এ ব্যাপারে প্রসারভারতীর সঙ্গে বাংলাদেশ টিভির একটি মৌ চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা শোনা গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে সেই চুক্তি স্বাক্ষরিত হয়নি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news