নিজস্ব প্রতিনিধি :
কলকাতা সহ রাজ্যে বায়ু দূষণ যেভাবে মারাত্মক আকার নিচ্ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করল বিশ্ব ব্যাঙ্ক। তাই বায়ু দূষণ নিয়ন্ত্রণে রাজ্যের সঙ্গে একযোগে কাজ করতে ইচ্ছা প্রকাশ করল বিশ্ব ব্যাংকের প্রতিনিধিরা। শুক্রবার বাইপাস সংলগ্ন একটি হোটেলে রাজ্য সরকারের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে এ কথা জানান বিশ্বব্যাংকের প্রতিনিধি দল। মেক্সিকো, চিন কিভাবে বায়ু দূষণ আটকানোর পথে হাঁটছে, এদিন তাও তুলে ধরেন ওই প্রতিনিধিদলের কর্তারা।
প্রতিনিধি দলের নেতা সুমিলা গুলায়ামী বলেন, “ভারত দ্রুত উন্নয়নের পথে এগোচ্ছে। এই অগ্রগতি ধরে রাখতে হলে সম্পদ এবং পরিবেশ ঠিক রাখতে হবে। তাই এই ধরনের ক্ষেত্রে শরিক হচ্ছি আমরা।” তিনি আরও বলেন, বন্যার পরে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় অনেক সক্রিয় হয়েছে কেরল। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বায়ুদূষণ সবথেকে বড় সমস্যা। তাই এর মোকাবিলা কিভাবে করা সম্ভব তা নিয়ে আগামী সপ্তাহে আরও আলোচনা করব আমরা। পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করতে ইচ্ছুক বিশ্ব ব্যাংক। পরিকাঠামো, কৃষি, পরিবেশ, পরিবহনের মতো ক্ষেত্রে বিনিয়োগ করার কথা জানান ওই বৈঠকে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news