ওয়েব ডেস্কঃ
রাজ্যসভাতেও পাস হয়ে গেল আরটিআই সংশোধনী বিল। যার ফলে এবার থেকে তথ্য কমিশনারদের মেয়াদ ও বেতন ঠিক করবে কেন্দ্র। এই বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি তোলে কংগ্রেস। সিলেট কমিটিতে বিলের জন্য ভোটাভুটি হয়। পক্ষে ভোট দেন ৭৫ জন সাংসদ। বিপক্ষে ১১৭ জন। বিজেডি, টিআরএস এবং ওয়াইএসআর কংগ্রেস আরটিআই সংশোধনী বিলকে সমর্থন করেন। তবে কংগ্রেস সাংসদরা হট্টগোল করে রাজ্যসভা থেকে ওয়াকআউট করেন।
প্রসঙ্গত, সোমবার লোকসভায় আরটিআই বিল নিয়ে বিতর্কে কংগ্রেসের শশী থারুর প্রশ্ন তুলেছিলেন, কেন্দ্রীয় তথ্য কমিশন নরেন্দ্র মোদীর দিল্লি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আরটিআইতে প্রকাশ করার আবেদন করার জন্যই কি সরকার এর ক্ষমতা নিজের হাতে নিচ্ছে? তাঁর মতে, তথ্যের অধিকার আইন সংশোধন করে তথ্য কমিশনারদের স্বাধীনতা খর্ব করছে করতে চাইছে সরকার। তবে বিরোধীদের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে মোদী সরকার। তাঁদের দাবি, নির্বাচন কমিশনের মত সাংবিধানিক প্রতিষ্ঠান নয় তথ্য কমিশন। তাই তথ্য কমিশনারদের মেয়াদ ও বেতন নির্বাচন কমিশনের সমতুল্য হওয়া উচিত নয়।
উল্লেখ্য, কংগ্রেসের আমলে ২০০৫ সালে আরটিআই আইন তৈরি হয়। ওই আইন অনুযায়ী, মুখ্য তথ্য কমিশনার এবং তথ্য কমিশনারদের মেয়াদ হবে পাঁচ বছর এবং নির্বাচন কমিশনের হারে বেতন দেওয়া হবে। মোদী সরকারের সংশোধনীতে বলা হয়েছে, ওই পদের মেয়াদ ও বেতন এবার থেকে ঠিক করবে কেন্দ্রীয় সরকার।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news