নীল রায়
সিবিআই ও কলকাতা পুলিশের সংঘাতকে রাজপথে এনে রাজনৈতিক ফায়দা তোলাই আপাত লক্ষ্য প্রথম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। রবিবার সন্ধ্যায় পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়ি থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর ঘোষণা করেন ধর্মতলায় ধরনায় বসবেন তিনি। কথামতো ধর্মতলার মেট্রো চ্যানেলে গিয়ে ধর্নায় বসেন দিদি। সঙ্গে হাজির হন সুব্রত বক্সী, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, উজ্জ্বল বিশ্বাস, নির্মল মাজি, অসীমা পাত্র, তাপস রায়,অতীন ঘোষ, বৈশ্বানর চট্টোপাধ্যায়রা। ধর্নার অন্য প্রান্তে বসে ছিলেন পুলিশ আধিকারিক সুরজিৎ কর পুরকায়স্থ বীরেন্দ্র ও বিতর্কিত পুলিশ কমিশনার রাজীব কুমার স্বয়ং। ঘটনাচক্রে সোমবারে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। এই দিনই তৃণমূল কংগ্রেসের কৃষক খেতমজুর সংগঠনের সমাবেশ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। দুটি ক্ষেত্রেই হাজির থাকার কথা ছিল তৃণমূল সুপ্রিমোর। কিন্তু রবিবার রাতের ঘটনার পর সবকিছু ওলট-পালট হয়ে গিয়েছে। দুটি ক্ষেত্রেই অনুপস্থিত থাকবেন মমতা। বাজেট পেশের দিনই রাজ্য মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠক হওয়ার কথা ছিল। মুখ্যমন্ত্রী ইতিমধ্যে নির্দেশ জারি করে দিয়েছেন ধর্না মঞ্চের পাশেই একটি অস্থায়ী ঘর তৈরি করে সেখানেই বসবে মন্ত্রিসভার ক্যাবিনেট বৈঠক। মমতার এই ঘোষণাকে রাজনৈতিক চাল হিসেবেই দেখা হচ্ছে। রাজনৈতিক মহলের মতে, ধর্মতলার রাজপথে বসে ক্যাবিনেট বৈঠক করে সর্বভারতীয় সংবাদ মাধ্যমে তা প্রচার করাই লক্ষ্য মমতার। মোদি সরকারের স্বৈরাচারী মনোভাবের কারণে তাকে মুখ্যমন্ত্রীর কার্যালয় ছেড়ে রাজপথে বসেই মন্ত্রিসভার বৈঠক ছাড়তে হচ্ছে এই বিষয়টিকে তুলে ধরবেন মন্ত্রিসভার অন্য সব সমস্ত সদস্যরা, এমনই রণনীতি ঠিক হয়েছে বলে সূত্রের খবর। আবার বিধানসভার বাজেট অধিবেশনেও তার অনুপস্থিতিকে প্রচারের আলোয় আনা হবে বলে হয়েছে। আর নেতাজি ইন্ডোর এর কৃষক সমাবেশে ধর্না মঞ্চে বসেই ফোনে নিজের বক্তৃতা করবেন বলে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফোনে সেখানেও কেন্দ্র বিরোধী তথা নরেন্দ্র মোদী সরকার বিরোধী চাঁচাছোলা বক্তৃতা করে বিষয়টিকে প্রচারের আলোয় আনাই অন্যতম রাজনৈতিক কৌশল হিসেবেই ধরা হচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। পাশাপাশি গোটা রাজ্য জুড়ে সোমবার দিন দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত প্রতিবাদ মিছিল সংগঠিত করতে বলা হয়েছে তৃণমূলের সর্বস্তরে কর্মীদের। এতে একদিকে যেমন ধর্না মঞ্চে বসেই জাতীয় স্তরে বিজেপি বিরোধী সুর চড়াবেন মমতা। আবার রাজ্য জেলা ও ব্লক ভিত্তিক তৃণমূল কর্মীদের প্রতিবাদ মিছিল সংঘটিত করে বিজেপির বিরুদ্ধে লোকসভা ভোটের জমি তৈরি করার কাজটিও সেরে ফেলবেন তৃণমূল সুপ্রিমো।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news