নীল বণিক
কেন্দ্র-রাজ্য সংঘাতের জেরে গ্রেফতারির আশঙ্কা করছেন রাজ্যের বহু বিজেপি নেতা। বিশেষ করে রাজীব কুমার কাণ্ডের পর যে বিজেপি নেতাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রয়েছে, তাদের আশঙ্কা এবার তাদের ওপর কোপ পড়তে পারে। যেমন শিশুপাচার কাণ্ডে সিআইডির খাতায় নাম রয়েছে রাজ্য সভার সাংসদ রুপা গাঙ্গুলি, কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়র, এলপিজি কাণ্ডে নাম রয়েছে রাজ্য বিজেপির সাধারন সম্পাদক সায়ন্তন বসু সহ একাধিক জেলা ও রাজ্য বিজেপি নেতার, সহবাস কাণ্ডে নাম রয়েছে দলের সাংগঠনিক সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায়ের। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধেও সারা রাজ্য জুড়ে একাধিক মামলা রয়েছে। তবে তাঁর ক্ষেত্রে বেশিরভাগই রাজনৈতিক মামলা। অন্যদিকে বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধেও রয়েছে একাধিক মামলা। আর্থিক তছরুপ থেকে খুনের মামলাও রয়েছে তাঁর বিরুদ্ধে। সিআইডি, কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশ মিলিয়ে মুকুল রায়ের বিরুদ্ধে প্রায় ৬৩ মামলা রয়েছে। এছাড়াও প্রায় প্রত্যেক বিজেপির জেলা সভাপতির নামে একাধিক জামিন অযোগ্য মামলা রয়েছে। যে মামলা গুলিতে এবার রাজ্য পুলিশ সক্রিয় হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রত্যেক বিজেপি নেতাই। রবিবার রাত থেকে বহু বিজেপি নেতাই আইনজীবীদের সঙ্গে শলা পরামর্শ শুরু করেছেন। অনেকেই জল বেশীদূর গড়ানোর আগেই অগ্রিম জামিনের আবেদন করতে চাইছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news