চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
করোনা ভাইরাস ও লকডাউনের কারণে বন্ধ রয়েছে একাধিক পাইকারি বাজার, ব্যাহত হয়েছে বিমান পরিষেবা, ভাঙন ধরেছে সাপ্লাই চেনে। এর ফলে পশ্চিমবঙ্গ থেকে ফল ও সবজি রপ্তানি কমেছে ৯০ শতাংশ। যার ফলে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পশ্চিমবঙ্গের চাষী থেকে ব্যবসায়িকমহল।
এ প্রসঙ্গে পশ্চিমবঙ্গ ফল এবং সবজি রপ্তানিকারক সংগঠনের যুগ্ম সম্পাদক অঙ্কুশ সাহা বলেন, “নভেল করোনা ভাইরাসের কারণে রপ্তানিতে প্রচুর ক্ষতি হয়েছে। এখন আমরা মাত্র ৫ শতাংশ ফল ও সবজি রপ্তানি করতে পারছি বিদেশে।” পশ্চিমবঙ্গ থেকে বিদেশে তেঁতুল, লাউ, উচ্ছে, লঙ্কা, কপি, বেগুন এবং বিভিন্ন ধরণের ফল রপ্তানি করা হয়। কিন্তু এখন রপ্তানিতে ক্ষতি হলেও সরকারের কোনও ভ্রুক্ষেপ নেই। বাণিজ্য ও শিল্প মন্ত্রকের আওতাধীন কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্য পণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষ ব্যবসায়ীদের এই মন্দা নিয়ে নীরব।
বেশিরভাগ ফল ও সবজি কলকাতা বিমানবন্দর থেকে দুবাই, কাতার, সিঙ্গাপুর, ফ্রান্স, ইতালি ও অন্য ইউরোপের দেশগুলোতে রপ্তানি করা হয়। অন্য সময় ৬ মাসে প্রায় ৩০০০ টন সবজি রপ্তানি করা হলেও, এখন তা অনেকটাই কমে গিয়েছে। এ প্রসঙ্গে রপ্তানি কোম্পানি জেবিএল এন্টারপ্রাইজের কর্তা গোপাল সাহা জানান, এখন মাসে রপ্তানির পরিমাণ ৫০ টনে ঠেকেছে। মার্চ মাসের আগে যা ছিল ১২০ টন।” অন্য কোম্পানিগুলির বহুলাংশে কমেছে।
কিছু ব্যবসায়ী জানাচ্ছেন, এই সময় ইউরোপ এবং মধ্য প্রাচ্যের দেশগুলোতে আম রপ্তানি করা হয়। কিন্তু লকডাউনের জন্য তা বন্ধ রয়েছে। ফলে বাধ্য হয়ে স্থানীয় ব্যবসায়ীদেরই বিক্রি করতে হচ্ছে। আর এতে প্যাকেজিংয়ের টাকাই উঠছে। তবে এ বিষয়ে অবিলম্বে সরকারের হস্তক্ষেপের দাবি জানান তারা। তাঁদের মতে, আমরা যদি রপ্তানি বন্ধ রাখি, তবে ব্যাংকক, মালয়েশিয়া, মায়ানমার, বাংলাদেশ এবং পাকিস্তানের মতো দেশগুলো ওই বাজার দখল করে নেবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news