ডম্বরুপাণি উপাধ্যায়
তর্জন গর্জন গঠবন্ধনের পর এবার প্রার্থনা!
মোদি হঠানোর লক্ষ্যে আর কোনও কিছুই বাদ রাখতে চাইছেন না তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার সংসদ ভবনের গাঁধী মূর্তির সামনে দাঁড়িয়ে করজোড়ে প্রার্থনা করলেন, বাপু উনিশে যেন মোদির বিদায় হয়। দুনিয়া জুড়ে তাঁর অহিংস দর্শনের জন্য খ্যাত মোহনদাস কর্মচন্দ গাঁধী মমতার প্রার্থনায় সাড়া দিলেন কিনা তা এখনও জানা যায়নি। এমনকি বাপুর মন ভিজল কিনা তা’ও এখনও বোঝা যাচ্ছে না। অহিংসার উপাসক এখন অনেকটা গল্পের হ্যাপি প্রিন্সের মতো মূর্তিমান দাঁড়িয়ে ভারতবর্ষকে দেখছেন। প্রতিদিন দেখছেন। তিনি দেখেছেন, কয়েকদিন আগে তাঁর সুহৃদ রবীন্দ্রনাথের মাটিতে কি ভাবে মৃত্যুর মিছিল চলল পঞ্চায়েত নির্বাচনে। তিনি দেখেছেন হত্যার উৎসব আর পরিবার পরিজনের হাহাকার। পথকুকুরকেও লজ্জা দিয়ে কিভাবে একদল পুরুষ ঝাপিয়ে পড়েছে মহিলাদের ওপর, চুল ধরে আছড়ে ফেলেছে মাটিতে, লাথি মেরেছে কোমরে… তিনি দেখেছেন।
পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রের জাতির জনক বলে পরিচিত তিনি সমগ্র বিশ্বে। তিনি দেখেছেন, গণতন্ত্রের মাথায় বাড়ি মেরে কিভাবে বিরোধী কণ্ঠস্বর স্তব্ধ করার নিরন্তর প্রক্রিয়া চলছে দাদাঠাকুরের মাটিতে।
তিনি দেখছেন এক শ্রেণীর বিস্কুটভোজী বুদ্ধিজীবীর দল তৈরি করে হয়েছে বিবেকানন্দের রাজ্যে। তারা হিসেব কষে প্রতিবাদ করে আর হিসেব কষে চুপ থাকে। তিনি দেখছেন হিন্দু-মুসলিমের স্বাভাবিক সুন্দর সম্পর্কও এ রাজ্যে পক্ষপাতী ভোটের রাজনীতি দিয়ে কালিমালিপ্ত হতে হচ্ছে লালনের মাটিতে।
গাঁধীজি বলতেন, তিনি ফুলের মতো কোমল আবার পাথরের চেয়েও কঠিন হৃদয়।
এতকিছু দেখার পর তিনি কী মমতার প্রার্থনায় সাড়া দেবেন!
এমনিতেই রাজনৈতিক মহল বলছে শিলং-এর চিঠি নাকি ক্রমেই ভয়ঙ্কর থেকে ভয়ঙ্করতর হবে! সংকট বাড়বে বই কমবে না! এরই মধ্যে বাপু বরদান করবেন কিনা তাই নিয়ে এখন ঘোর সংশয়!
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news