চিরঞ্জিত ঘোষ, মুর্শিদাবাদ:
বিজেপির বিজয় সংকল্প যাত্রার বাইক র্যালি ঘিরে উত্তেজনা বহরমপুরে। এখানেও বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয়। আটক করা হয় মোটর বাইকগুলিও।
কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ মেনে রবিবার গোটা রাজ্য জুড়ে বিজয় সংকল্প যাত্রা বাইক র্যালির আয়োজন করে রাজ্য বিজেপি নেতৃত্ব। রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি মুর্শিদাবাদ জেলা বিজেপির পক্ষ থেকেও এই বাইক র্যালির আয়োজন করা হয়। এদিন সকাল ১১টা নাগাদ বহরমপুরে বিজেপির জেলা কার্যালয় থেকে প্রায় শতাধিক বাইক এই বিজয় সংকল্প যাত্রায় অংশ নেয়। বাইক মিছিলটি বহরমপুর মোহনা বাসস্ট্যান্ডে পৌঁছলে পুলিশ বাইক র্যালি আটকে দেয়। এরপরই পুলিশ ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে ধস্তাধস্তি বাধে। বাইক র্যালি আটকানোর ঘটনায় স্বাভাবিকভাবেই উত্তেজনা ছড়াল বাসস্ট্যান্ড চত্ত্বরে। পুলিশ বেশ কিছু বাইক বাজেয়াপ্ত করে। বিজেপি-শাসনাধীন অভিযোগ এই বিজয় সংকল্প যাত্রার বাইক র্যালি নিয়ে প্রশাসনের কাছে লিখিতভাবে আবেদন করা হয়েছিল কিন্তু পুলিশ তাও ইচ্ছাকৃতভাবে এই র্যালি বন্ধ করতে সক্রিয় হয়ে ওঠে। তৃণমূল সরকার ভয় পেয়েই রাজ্যে বিজেপির কোন কর্মসূচি করতে দিচ্ছে না বলে অভিযোগ বিজেপির।
অন্যদিকে কান্দিতে বিজেপির মিছিল করতে বাধা পুলিশের। আটক করা হয় বিজেপি যুব মোর্চার সদস্যদের। রবিবার কান্দি শহর ও ব্লক যুব মোর্চার পক্ষ থেকে মোটর বাইক মিছিল প্রস্তুতি গ্রহণ করা হয় কিন্তু কান্দি থানার পুলিশ এসে মিছিল আটকে দেয় এবং যুব মোর্চার সদস্যদের আটক করে ।
অন্যদিকে জঙ্গিপুরের ওমরপুরে বিজেপি পার্টি অফিস থেকে বাইক মিছিল বের হয়ে রঘুনাথগঞ্জ শহর পরিক্রমা করে। জঙ্গিপুরের মির্জাপুর দিকে বাইক মিছিল যাওয়ার সময় রঘুনাথগঞ্জ থানার ফুলতলা মোড়ে রঘুনাথগঞ্জ থানার পুলিশ মিছিল বন্ধ করে দেয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news