চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
ফোনে জঙ্গি হামলার হুমকি দেওয়া হল মুম্বইয়ের দুটি হোটেলকে। সোমবার রাতে মুম্বইয়ের কোলাবার দ্য তাজ মহল ও বান্দ্রার তাজ ল্যান্ডস এন্ড হোটেলকে পাকিস্তান থেকে ফোন করে জঙ্গি হামলার হুমকি দেওয়া হয়। ফোনে নিজেকে ওই ব্যক্তি লস্কর-ই-তৈবার সদস্য বলেও জানান। এই ফোন আসার পরই হোটেল দুটির নিরাপত্তা কয়েকগুন বাড়ানো হয়েছে।
প্রথম ফোনটি রাত ১২টা ৩০ মিনিট নাগাদ তাজ মহল প্লেস হোটেলের স্টাফদের কাছে আসে। ফোনের নাম্বারটি পাকিস্তানের ছিল। ফোন করে এক ব্যক্তি নিজেকে লস্কর-ই-তৈবা জঙ্গি গোষ্ঠীর সদস্য বলে দাবি করেন। ওই ব্যক্তি জানান তার সদস্যরা তাজ মহল প্লেস ও তাজ ল্যান্ডস এন্ড হোটেলে হামলা চালাবে। এমনকি ২০০৮ নভেম্বরের হামলার মতো এই হামলাটি হবে বলেও জানান ওই ব্যক্তি। দ্বিতীয় ফোনটি আসে বান্দ্রার তাজ ল্যান্ডস এন্ড হোটেলের স্টাফদের কাছে। এটিও পাকিস্তানের নাম্বার এবং একইভাবে এখানেও জঙ্গি হামলার হুমকি দেওয়া হয়। পরে জানা যায়, ওই দুটি হোটেলে একই নাম্বার থেকে ফোন এসেছিল।
জঙ্গি হামলার এই হুমকি আসার পরই মুম্বই পুলিশ হোটেল দুটির নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন। ফোন কল দুটি কোথা থেকে এসেছে তা জানতে ইতিমধ্যে সাইবার সেল কাজ শুরু করেছে। টেলিকম বিভাগের সাহায্যও নেওয়া হয়েছে। তবে করোনা ভাইরাসের কারণে হোটেল দুটি বন্ধ রয়েছে। স্টাফ ছাড়া বাইরের কোনও ব্যক্তি এই মুহূর্তে হোটেলে নেই।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news