নীল রায়
প্রাক্তন আইপিএস গৌরব দত্তের আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্যকর মোড়! এই ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুললেন প্রাক্তন পুলিশ কর্তার স্ত্রী ।সোমবার বিস্ফোরক অভিযোগ করেন তিনি বলেন, “আমার স্বামী সারা জীবন কাজের স্বার্থে নিজেকে উৎসর্গ করেছেন। ওঁর সঙ্গে যেটা হল, সেটা যেন অন্য কোনও অফিসারের সঙ্গে না হয়। আমি বিচার চাই, আমি এর শেষ দেখে ছাড়ব।” তিনি আরও বলেন, “গত দশ বছর ধরে ওঁকে কোথাও পোস্টিংই দেওয়া হয়নি, দু’টো ভিত্তিহীন মামলার জন্য। একটা হল, মানবাধিকার লঙ্ঘনের জন্য, অন্যটা ভিজিল্যান্স কমিশন সম্পর্কিত। শুধু এই জন্য গত দশ বছর ধরে ওঁর ফাইলগুলো আটকে রাখা হয়েছে।” গত ১৯ ফেব্রুয়ারি বিধাননগরের বাড়িতে হাতের শিরা কাটা অবস্থায় উদ্ধার হয় ১৯৮৬ ব্যাচের আইপিএস অফিসার গৌরব দত্তের দেহ। ওই দিনই আত্মঘাতী হওয়ার আগে হওয়ার আগে প্রধানমন্ত্রীর দফতর সহ বহু বিশিষ্ট জায়গায় নিজের সুইসাইড নোট ইমেল করে পাঠান তিনি। সেই ইমেলে গৌরব লেখেন, “পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী আমায় দশ বছর ধরে হেনস্থা করছেন। কোনও কারণ ছাড়াই আমার প্রতি এই আক্রমণাত্মক মনোভাব কেন, আমি জানি না। আমায় ক্রমাগত অপমান করছেন উনি।” গৌরব দত্তের স্ত্রী বলেন, “ওঁর সমস্ত প্রাপ্য আটকে দেওয়া হয়েছে। যে ভাবে সম্ভব, সে ভাবেই হেনস্থা করা হয়েছে ওঁকে। উনি অনেক বার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন, অন্য সরকারি অফিসারদের কাছেও গিয়েছেন। কিন্তু কোনও সাহায্য মেলেনি। দশ-দশটা বছর ধরে আটকে আছে সমস্ত কাগজ, কী করে মিলবে প্রাপ্য!” তিনি আরও বলেন, “গৌরব দত্তের সঙ্গে সরকারি ভাবে যে আচরণ করা হয়েছে, তা অত্যন্ত অপমানজনক। গৌরব মুখ্যমন্ত্রীকে চিঠি পর্যন্ত লিখেছিলেন, কিন্তু উত্তর আসেনি।” গৌরবের স্ত্রীয়ের অভিযোগ, “উনি যখন বারবার জিজ্ঞেস করেছেন রাজ্য সরকাকে, যে ওঁর বিরুদ্ধে রুজু হওয়া মামলার ফাইলগুলি কী অবস্থায় আছে, তখন উত্তর পেয়েছেন, ফাইলগুলি হারিয়ে গিয়েছে।” প্রসঙ্গত, দিন কয়েক আগেই গৌরব দত্তের আত্মঘাতী হওয়ার ঘটনা সিবিআই তদন্তের দাবি করেছেন বিজেপি নেতা মুকুল রায় ও কৈলাস বিজয়বর্গীয়। এক কদম এগিয়ে রাজ্যের সমস্ত আইপিএস আধিকারিককে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত চাওয়ার পরামর্শ দিয়েছেন মুকুল রায়। সঙ্গে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর করার দাবি তুলেছেন তিনি। লোকসভা ভোটে প্রাক্তন পুলিশ কর্তা আত্মহত্যার ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ইস্যু তৈরি করতে চাইছে বিজেপি। গৌরব দত্তের স্ত্রী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি অভিযোগ করা সেই রাস্তা আরও ত্বরান্বিত বলে মনে করছে রাজনৈতিক মহল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news