নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর:
এ যেন সেম সাইডে গোল। ছক্কা হাঁকাতে গিয়ে হিট উইকেট। আসানসোলে তৃণমূলের মিছিলে জবাবদিহি চাওয়া হল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেই। একবার নয়, বেশ কয়েকবার ,মিছিলে স্লোগান ওঠে, “মমতা জবাব দাও” । পরে স্লোগানের ভুল শুধরে নিলেও আপাতত শো কজ করা হয়েছে আসানসোলের তৃণমূল কাউন্সিলর অভিজিৎ আচার্যকে।
উল্লেখ্য, অসমের তিনসুকিয়ার খেড়বাড়ির ধোলা শাহাদিয়া এলাকায় বৃহস্পতিবার রাতে পাঁচজন বাঙালিকে গুলি করে হত্যা করে জঙ্গিরা। তারপর থেকেই ঘটনার তীব্র প্রতিবাদে সরব হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর নির্দেশ মতো শুক্রবার কলকাতাসহ রাজ্যের বিভিন্ন জায়গায় ধিক্কার মিছিল করে তৃণমূল। রাজ্যের অন্য জায়গার মতো আসানসোলের কুলটির সাঁকতোড়িয়াতেও ধিক্কার মিছিল করছিল তৃণমূল। আসানসোল পৌরনিগমের কাউন্সিলর অভিজিৎ আচার্যর নেতৃত্বে সেই মিছিল হয়। কিন্তু, সবাইকে অবাক করে তিনি হঠাৎই মিছিল থেকে স্লোগান দেন, “অসমে পাঁচজন বাঙালিকে হত্যা কেন করা হল মমতা বন্দ্যোপাধ্যায় জবাব দাও।” বেশ কয়েকবার একইভাবে স্লোগান ওঠে। তারপরই কয়েকজন তৃণমূলকর্মী অভিজিৎ আচার্যকে ভুল ধরিয়ে দেন। ভুল বুঝতে পেরে অভিজিৎ স্লোগানটি পালটে ফেলেন। অসমের তিনসুকিয়ায় পাঁচ বাঙালি হত্যার প্রতিবাদে ধিক্কার মিছিলে দলের কাউন্সিলার খোদ তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধেই বেসুরে স্লোগান দেওয়া বিপাকে পড়ে দল।
শনিবার দুর্গাপুর দলীয় জনসভায় এসে তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি ভি শিবদাসন জানান, “অভিজিত আচার্য্য কেন এধরনের স্লোগান তুলে ছিলেন, তার জবাব চাওয়া হয়েছে। সঠিক উত্তর না পেলে তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news