চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
করোনা সংক্রমণের জেরে বাড়ির বাইরে বেরোলেই নাগরিকদের মাস্ক পরতে বলছেন চিকিৎসকরা। অনেক দেশে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। কিন্তু এবার মাস্কের বিরোধিতা করে আন্দোলনে নামলেন একদল মাস্ক বিরোধী। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মাস্ক বিরোধীরা মানুষের কাছে মাস্ক না পরার আর্জি করছেন।
বৃহস্পতিবার ফ্লোরিডায় পাল্ম বিচ কাউন্টি কমিটি একটি মিটিংয়ে মাস্ক না পরার অদ্ভুত কারণ তুলে ধরেন। আন্দোলনকারীদের বক্তব্য, মাস্ক পরে মানবদেহের শ্বাস-প্রশ্বাস ব্যবস্থায় হস্তক্ষেপ করা উচিত নয়। এতে মানবাধিকার লঙ্ঘন হয়। এমনকি ওই মিটিংয়ে কিছু চিকিৎসককে ধরে এনে মানবাধিকার লঙ্ঘনের জন্য গ্রেফতার করার হুমকি দেওয়া হয়। এক আন্দোলনকারী বলেন, “আমি মাস্ক পরি না, একই কারণে আমি আন্ডারওয়্যারও পরি না। এগুলোকে তো নিঃশ্বাস নিতে হবে।” তাঁর এই কথায় সভা হাসিতে ভেঙে পড়লেও মাস্ক বিরোধী আন্দোলন জোরদার করার ডাক দেওয়া হয়েছে।
এক মাস্ক বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত এক বৃদ্ধা বলেন, “তারা চায় ভগবানের দেওয়া আশ্চর্যজনক শ্বাস-প্রশ্বাস ব্যবস্থাটিকে ছুঁড়ে ফেলে দিতে। আর আপনারা এটা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন।” এ নিয়ে মার্কিন সংবাদমাধ্যমের একটি ভিডিওতে দেখা যাচ্ছে, মাস্ক না পরার একাধিক ন্যায্য দাবি তুলে ধরছেন আন্দোলনকারীরা। কোভিড-১৯ এর কারণে বিশ্বজুড়ে ৪ লক্ষ মানুষ মারা যাওয়ার পরেও মাস্ক বিরোধী এক আন্দোলনকারী বলেন, “ভগবান যখন মানুষ সৃষ্টি করেছিলেন তখনই মানবদেহে শ্বাস প্রশ্বাস নেওয়ার ব্যবস্থা করেছিলেন।” আবার এক কট্টর মাস্ক বিরোধী আন্দোলনকারী প্রশ্ন তোলেন, মানুষের শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণের ক্ষমতা আপনি কোথায় পাবেন?
উল্লেখ্য, বর্তমানে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি। শুধুমাত্র আমেরিকায় এখনও পর্যন্ত ২৫ লক্ষের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মৃত্যু সংখ্যা ১ লক্ষ ২৬ হাজার পেরিয়েছে। যা বিশ্বে সর্বাধিক। এই পরিস্থিতিতে মাস্ক ব্যবহার করে অনেক মানুষ মারা যাচ্ছেন, মাস্ক বিরোধীরা এই দাবি করলেও, বাস্তবে কিন্তু তা হচ্ছে না। উল্টে মাস্ক ব্যবহার করলে হাঁচি-কাশির ড্রপলেট থেকে রক্ষা পাওয়া যাচ্ছে ও করোনা সংক্রমণও এড়ানো যাচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news