চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
তৃণমূলের রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়ার কথায় বিজেপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এমনই অভিযোগ তুললেন বিজেপির সহ সভাপতি ভারতী ঘোষ। তৃণমূল নেতৃত্ব অবশ্য এই অভিযোগ উড়িয়ে দিয়েছে।
এলাকায় কোনও উন্নয়ন হচ্ছে না। থমকে রয়েছে উন্নয়নের কাজ। তা নিয়েই সরব হন পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ১৩ নম্বর অঞ্চলের বিজেপি নেতা অজিত মন্ডল। উন্নয়ন নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে প্রতিবাদ করায় মিথ্যা মামলায় গ্রেফতার করা হয় ওই বিজেপি নেতাকে। এই খবর সামনে আসার পরই ওই এলাকায় যায় বিজেপি নেত্রী তথা প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ। তিনি অজিত মন্ডলের পরিবারের লোকের সঙ্গে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন। একইসঙ্গে তিনি দাবি করেন, তৃণমূলের রাজ্যসভার সাংসদ মানস ভুঁইয়ার নির্দেশে ওই বিজেপি কর্মীকে গ্রেফতার করে পুলিশ। তাঁর দোষ ছিল তিনি এলাকার উন্নয়ন প্রসঙ্গে সাংসদের দ্বারস্থ হয়েছিলেন।
পাশাপাশি তিনি বলেন, এই জেলার অনেক বিজেপি কর্মীকেই মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে। জেল খাটছেন অনেক নেতা। আমার কাছে এলাকার অনেক মানুষ তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন। আমি এ সব বিষয় উচ্চ নেতৃত্বকে জানাব। তবে বিজেপি নেত্রী এই অভিযোগ করলেও তা মানতে নারাজ তৃণমূল। জেলার এক তৃণমূল নেতা বলেন, তৃণমূলের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। শুধু এখানে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সারা বাংলা জুড়ে উন্নয়ন হচ্ছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news