নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি:
মাঝেরহাট ব্রিজের দুর্ঘটনার ৭২ ঘন্টার মধ্যেই শিলিগুড়ির ফাঁসীদেওয়ায় ভেঙে পড়ল ব্রিজ । ভাঙা ব্রিজে আটকে পড়েছে একটি পণ্যবাহী ট্রাক। তবে এই সময় সেতুতে আর কোনও যানবাহন না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। এই ঘটনায় ট্রাকের চালক আহত হয়েছে।
শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তরর্গত ফাঁসিদেওয়া ব্লকের মানগছ এলাকায়। এদিন সকালে একটি ইট বোঝাই লরি ব্রিজটির উপর দিয়ে যাওয়ার সময় ব্রিজটির মাঝের পিলার ভেঙ্গে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, আজ সকালে নির্মল বাংলার কাজের জন্য ইট বোঝাই লরিটি যখন ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল সেই সময় হুড়মুড়িয়ে ব্রিজটি ভেঙ্গে যায়। তারা তড়িঘড়ি লরিটি থেকে গাড়ির চালক ও সহচালককে উদ্ধার করে। এই ঘটনায় অল্প বিস্তর আহত হয় তারা। স্থানীয়রা জানান যে দীর্ঘদিন ধরে ভাঙ্গা অবস্থায় রয়েছে ব্রিজটির মাঝের পিলারটি। একাধিকবার মেরামতির জন্য স্থানীয় প্রশাসন ও পঞ্চায়েতকে জানানো হলেও মেরামতি করতে কোন উদ্যোগই গ্রহন করেনি প্রশাসন। তারা বলেন এই ব্রিজটির উপর নির্ভরশীল চটের হাট ব্লকের পাঁচটি গ্রাম।
ব্রিজটি ভেঙ্গে যাবার ফলে সম্পূর্ণভাবে যোগাযোগ বিছিন্ন হয়ে পড়ল তারা। ব্রিজ ভাঙ্গার খবর পেয়ে ঘটনাস্থলে আসে ফাঁসিদেওয়া থানার পুলিশ ও বিডিও প্রনয় কুমার মজুমদার সহ আধিকারিকরা। ব্রিজ ভাঙ্গার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। ভগ্ন ব্রিজ পরিদর্শন করে তিনি বলেন, ব্রিজটি মেরামতির জন্য সাত লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছিল। কিন্তু কি কারণে তা হয়নি সেটি এবার খতিয়ে দেখবেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news