নিজস্ব সংবাদদাতা, রায়গঞ্জ:
রায়গঞ্জের মহকুমা শাসককে শারীরিক হেনস্থা কাণ্ডে দুজন শিক্ষককে গ্রেফতার করল রায়গঞ্জ থানার পুলিশ। ধৃত শিক্ষকদের নাম প্রদীপ কুমার সিনহা ও মনোজ বিশ্বাস। ধৃতদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এই ঘটনার তদন্তের দায়িত্বে থাকা জেলা পুলিশের ডিএসপি প্রসাদ প্রধান জানিয়েছেন, মহকুমাশাসক নিগ্রহের ঘটনার যুক্ত থাকার অভিযোগে আরও বেশ কয়েকজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। প্রসঙ্গত, গত ১৪ মে ইটাহারে ভোট পরিচালনা করতে গিয়ে সন্ধ্যায় নিখোঁজ হয়েছিলেন প্রিসাইডিং অফিসার রাজ কুমার রায়। পরদিন সন্ধ্যায় রায়গঞ্জের সোনাডাঙি এলাকায় রেললাইনের ধারে তাঁর ক্ষত বিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। জেলা প্রশাসন এই ঘটনাকে আত্মহত্যার ঘটনা বললেও তা মানতে চায়নি জেলার শিক্ষক সমাজ। প্রতিবাদ জানিয়ে ১৬ মে রায়গঞ্জ শহর অবরোধ করে আন্দোলনে নামেন তাঁরা। সেই সময় অবরোধস্থলে পৌঁছে আন্দোলনকারী শিক্ষকদের সঙ্গে কথা বলতে এসেছিলেন রায়গঞ্জ মহকুমাশাসক টি এন শেরপা। সেইসময় আন্দোলনকারী শিক্ষকদের হাতে শারীরিক হেনস্থার শিকার হন তিনি। তাকে লক্ষ্য করে জুতো ছোঁড়া হয় ও গায়ে জল ঢেলে দেওয়া হয়। শারীরিক নিগ্রহের অভিযোগ তুলে রায়গঞ্জ থানায় অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন মহকুমাশাসক টিএন শেরপা।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news