নিজস্ব সংবাদদাতা
পাহাড় থেকে ফিরে এসে কম্পন তত্ত্বেই সায় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুর্ঘটনা স্থল ঘুরে বুধবার তিনি বলেন, মেট্রোর কাজে সেতুতে কম্পন হত। মনে হত যেন ভূমিকম্প হচ্ছে। যদিও রেল কর্তৃপক্ষ আগেই বিবৃতি জারি করে জানিয়ে দিয়েছিল সেতু ভাঙার সঙ্গে মেট্রোর কাজের কোনও সম্পর্ক নেই। রাইটসের তরফেও একই কথা বলা হয়েছে। যদিও পুর মন্ত্রী ফিরহাদ হাকিম রাইটসের বক্তব্যে পক্ষপাতিত্ব খুঁজে পেয়েছেন। তিনি বলেছেন, রাইটস যা বলছে তা নিরপেক্ষ নয়। যদিও রাইটস একটি স্বায়ত্বশাসিত সংস্থা। তাদের বক্তব্যে পক্ষপাত আছে কিনা তা নিয়ে বিতর্ক আছে। যাই হোক পুরমন্ত্রীর মত মুখ্যমন্ত্রীও এদিন কম্পনের কথা বলেন। তবে একই সঙ্গে তিনি একথাও বলেন যে তাঁরা দায় এড়াতে চান না। তাঁর কথায়,” মেট্রোর কাজে এখানে ভাইব্রেসন হত। যেন ভূমিকম্প হচ্ছে মনে হত। আমরা কোনও রকম জাস্টিফাই করতে চাই না। তবে কারন জানা দরকার। ” ৬ মাস আগে এই সেতুকে ‘ফিট সার্টিফিকেট ‘ কেন দেওয়া হয়েছিল, সেই বিষয়ে এদিন মুখ্যমন্ত্রী কিছু বলেননি। মেট্রোর কাজে ভূমিকম্পের মত অবস্থা হলে কেন রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়নি, তখনই কোনও উদ্যোগ নেওয়া হয়নি, সেই সব বিষয়ের সামনে এখনও প্রশ্নচিহ্ন ঝুলে আছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news