নিজস্ব প্রতিবেদন:
আজ, শনিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বৈঠকে জরুরী ভিত্তিতে সমস্ত মন্ত্রীদের উপস্থিত থাকতে বলা হয়েছে। সূত্রের খবর, নয়া নাগরিকত্ব আইন নিয়ে বড় কিছু ঘোষণা করতে পারে মোদী সরকার।
নাগরিকত্ব আইন নিয়ে দেশজুড়ে বিক্ষোভ চলছে। বিক্ষোভে মৃত্যু হয়েছে প্রায় ১৫ জনের। এর মধ্যে উত্তরপ্রদেশেই মৃত্যু হয়েছে ১০ জনের। অসম, ত্রিপুরা, কর্ণাটক, দিল্লি সহ বেশকিছু রাজ্যের পরিস্থিতি অগ্নিগর্ভ। মোদী-শাহের নিজের রাজ্য গুজরাতেও জনরোষের মুখে সরকার। কয়েকটি রাজ্যে বন্ধ ইন্টারনেট পরিষেবা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জারি হয়েছে ১৪৪ ধারা। সাধারণ মানুষকে শান্ত রাখার বার্তা দিয়েও কাজ হচ্ছে না। এই আবহে কিছু সিদ্ধান্ত নিতেই তড়িঘড়ি প্রধানমন্ত্রীর এই বৈঠক বলে জানা যাচ্ছে।
নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর না করার দাবি জানিয়েছে ৬ টি রাজ্য। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আইনের প্রতিবাদে রাস্তায় নেমে আন্দোলন করছেন। তবে এই আইন সংবিধান বিরোধী নয় বলে আগেই মন্তব্য করেছে সুপ্রিম কোর্ট। এই আইনের ওপর কোনও স্থগিতাদেশও জারি করেনি সর্বোচ্চ আদালত। সরকারকে এই আইনের সঠিক উদ্দেশ্য সম্বন্ধে জনগণের মধ্যে প্রচার করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিরোধীরাও যে জনগণের মধ্যে ভুল বোঝাচ্ছেন সে কথা মেনে নিয়েছে সরকারও। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর এই বৈঠকের গুরুত্ব রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news