ওয়েব ডেস্কঃ
নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে গোটা দেশজুড়ে বিক্ষোভ প্রতিবাদ চলছে। একাধিক মৃত্যুর ঘটনাও ঘটছে। বিরোধীদের যুক্তি, এই আইনের মাধ্যমে বিভাজনের রাজনীতি করছে বিজেপি। অন্যদিকে বিজেপির দাবি, এই আইন শুধুমাত্র নাগরিকত্ব দেওয়ার, ছিনিয়ে নেওয়ার নয়। বিরোধীরা মানুষকে ভুল বোঝাচ্ছেন। শাসক বিরোধী এই তরজার মধ্যে সংশোধনী আইন নিয়ে মুখ খুললেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। এর আগে কন্যা সানার টুইটারে পোস্ট ঘিরে মুখ খুলেছিলেন সৌরভ।
তবে সমস্ত বিতর্ক এড়িয়ে শুক্রবার নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সৌরভ বলেন, “আমি সবাইকে শান্তিরক্ষা করার আবেদন জানাচ্ছি। এছাড়া এই রাজনৈতিক বিষয়ে আমি ঢুকতে পারব না। কারণ আমি বিলটি পড়িনি। তাই পুরোপুরি না বুঝে, এই বিষয়ে মন্তব্য করা ঠিক নয়। তবে যদি কোনও সমস্যা থাকে, তার সমাধান নিশ্চয়ই হবে। কিন্তু শান্তি রক্ষা করা জরুরি।” সৌরভের এই বার্তা উল্লেখযোগ্য বলেই মনে করছে বিভিন্ন মহল।
এর আগে নাগরিকত্ব সংশোধনী আইন প্রসঙ্গে সৌরভ কন্যা সানা একটি টুইট করেন। যেখানে খুশবন্ত সিংহের বই ‘দ্য এন্ড অফ ইন্ডিয়া’ থেকে কয়েকটা লাইন তুলে দেন। যা নিয়ে বিতর্ক শুরু হয় বিভিন্ন মহলে। বিতর্ক থামাতে সানার হয়ে নিজেই মাঠে সৌরভ। সৌরভ বলেন, সানা এখনও খুবই ছোট, তাঁর রাজনীতি বোঝার বয়স হয়নি। তাই এইসব বিষয় থেকে সানাকে দূরে রাখার অনুরোধ করেন তিনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news