Breaking News
Home / TRENDING / সিএএ-এনআরসি বিরোধী লড়াইয়ে কংগ্রেসের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রশান্ত কিশোর

সিএএ-এনআরসি বিরোধী লড়াইয়ে কংগ্রেসের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুললেন প্রশান্ত কিশোর

নীল রায়। নাগরিক সংশোধনী আইন (CAA) ও এনআরসির (NRC) বিরুদ্ধে লড়াইয়ে কংগ্রেসের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন ভোটগুরু প্রশান্ত কিশোর (Prashant Kishor)। শনিবার সকালে সংবাদমাধ্যমে পিকের এক বিবৃতি প্রকাশ্যে এসেছে। যেখানে লোকসভা তথা জাতীয় রাজনীতিতে প্রধান বিরোধী দল কংগ্রেসকে কাঠগড়ায় তুলেছেন পিকে। প্রশ্ন তুলেছেন কংগ্রেস শীর্ষ নেতৃত্বের ভুমিকা নিয়েও। আইপ্যাকের কর্ণধার বলেছেন, “কংগ্রেস রাস্তায় নেই এবং শীর্ষ নেতৃত্ব সিএএ-এনআরসির বিরুদ্ধে নাগরিকদের লড়াইয়ে বেশিরভাগই অনুপস্থিত।”

তিনি আরও বলেছেন, “সমস্ত কংগ্রেস মুখ্যমন্ত্রীকে অন্য অবিজেপি মুখ্যমন্ত্রীদের সঙ্গে যোগ দিতে বলছি। কারণ তাঁরা বলেছিলেন যে তারা তাদের রাজ্যে এনআরসিকে অনুমতি দেবেন না। তাঁদের সঙ্গে কংগ্রেস একজোট না হলে অন্যথায় বিবৃতি মানে কিছুই হয় না।” প্রসঙ্গত, কংগ্রেস নেতৃত্বাধীন রাজ্য মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কমলনাথ, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দ সিং ও ছত্তিশগড়ের ভুপেশ বাঘেল সিএএ ও এনআরসি নিয়ে বিরোধিতা করলেও, রাজস্থানের কংগ্রেসের (Congress) মুখ্যমন্ত্রী অশোক গেহলোট তাঁর অবস্থান স্পষ্ট করেননি। সঙ্গে এছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে বেড়ে চলা নাগরিক আন্দোলন নিয়েও কংগ্রেস শীর্ষ নেতৃত্ব যেমন নীরব। তেমনই এমন পরিস্থিতিতে বেপাত্তা রাহুল গাঁধী (Rahul Gandhi)। জাতীয় রাজনৈতিক মহলের মতে, কংগ্রেসের এই সমস্ত অবস্থানেরই সমালোচনা করেছেন পিকে।

নাগরিক সংশোধনী আইন ও এনআরসির বিরুদ্ধে আগেই সরব হয়েছিলেন জেডি (ইউ) সহ-সভাপতি। কিন্তু, এক্ষেত্রে কংগ্রেসের লড়াই নিয়ে এই প্রথম প্রশ্ন তুলে দিলেন তিনি। পিকের এমন মন্তব্যের জবাবে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান বেজায় ক্ষুব্ধ হন। পিকের অভিযোগের জবাবে তিনি বলেন, “বিজেপি বিরোধী লড়াইয়ে কংগ্রেসকে কারো সার্টিফিকেট না দিলেও চলবে। কংগ্রেস প্রশান্ত কিশোর নির্ভর দল নয়। যাঁরা তাঁর ওপর নির্ভরশীল, তিনি তাঁদের কথাই চিন্তা করুন।” তিনি আরও বলেন, “কংগ্রেস দেশের মানুষের সঙ্গে চলতে বিশ্বাসী।‌ দেশের মানুষ কখনও কংগ্রেসকে শাস্তি দিয়েছে। কখনও পুরস্কৃত করেছে। কিন্তু, কংগ্রেসের পথ বদলায়নি। যিনি এমন জ্ঞানের কথা বলছেন, তিনি কখনও বিজেপির সঙ্গে, কখনও আপের সঙ্গে, কখনও ডিএমকের সঙ্গে। কখনও আবার জেডি (ইউ)-এর সঙ্গে গিয়েছেন। আমাদের রাজ্যে তো তিনি তৃণমূলের সঙ্গে রয়েছেন। নিজের সুবিধা মতো রাজনৈতিক শিবির বদল করা ব্যক্তির মুখে কংগ্রেসকে জ্ঞান দেওয়া মানায় না।”

এ প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র নাম না করে জবাব দিয়েছেন প্রশান্ত কিশোরকে। তিনি বলেন, “উনি ব্যবসায়ী। এ রাজ্যে যারা ওকে ব্যবসার বরাত দিয়েছে তাঁদের সুবিধা করে দিতেই এমনটা বলেছেন তিনি। কংগ্রেস একমাত্র দল যারা এবিষয়ে সংসদের বাইরে ও ভিতরে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। আর নাগরিক সংশোধনী আইন ও এনআরসির বিরুদ্ধে তাঁর দল জেডি ইউ সরকারের পক্ষে ভোট দিয়েছে। তিনি যদি এতই ন্যায়পরায়ণ হতেন তাহলে দল থেকে পদত্যাগ করতেন। কিন্তু, তিনি তেমনটা করেননি।”

Spread the love

Check Also

Big Breaking: হুমায়ুনকে ওয়েসির ‘ফিলার,’ কী উত্তর দিলেন তৃণমূলের বিধায়ক

দেবক বন্দ্যোপাধ্যায় হুমায়ুনকে ওয়েসির ফোন! দল তাঁকে শো-কজ করেছে। তিনি সেই শো-কজের উত্তরও দিয়েছেন। তাতেও …

রাহুলের পাইলট প্রোজেক্ট, মুর্শিদাবাদ কংগ্রেসে আধিপত্য হারাতে পারেন অধীর

দেবক বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ নিয়ে রাহুল গান্ধির নতুন উদ্যোগে মুর্শিদাবাদের কংগ্রেস রাজনীতিতে খর্ব হতে পারে অধীর …

আমি আসছি! নাম না করে শুভেন্দুকে শাসালেন আনিসুর

চ্যানেল হিন্দুস্থান, নিউজ ডেস্ক: নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারিকে শাসালেন আনিসুর রহমান। একদা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *