নিজস্ব সংবাদদাতা, ক্যানিং :
ক্যানিংয়ের মিঠাখালী গ্রামে মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত হলেন এক প্রবীণ I
পেশায় রিকশা চালক আলী হোসেন মোল্লার বাড়িতে দিনের বেলা সেভাবে কেউ থাকেন না। স্ত্রী পুত্র বাইরে কাজে যায়। বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে বাড়ির পাশেই প্রতিদিন মদ্যপানের আসর বসায় একদল যুবক। বৃদ্ধ আলী হোসেন রিক্সা চালিয়ে সকাল সকাল বাড়ি ফিরলেই দেখতে পান ঘরের পাশেই যুবকরা মদ্যপান করছেন I এর আগেও একাধিকবার প্রতিবাদ করেছেন তিনি তাতে কোনও লাভ হয়নি। সোমবার রাতে যুবকরা মদ্যপান করছে দেখে ফের প্রতিবাদ করেন বৃদ্ধ আলী হোসেন। এর ফলেই ওই মদ্যপ যুবকরা বেধড়ক মারধর করে বৃদ্ধ আলী হোসেন কে, এমনটাই অভিযোগ। পাড়ার অন্যান্য বাসিন্দারা দেখলেও কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি মদ্যপদের তাণ্ডবের ভয়ে। আলী হোসেনের ছেলে বাধা দিতে এলে মারধর করা হয় তাকেও। এই ঘটনায় গুরুতর আহত হয়েছে আলী হোসেন মোল্লা। তাকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য রাতেই নিয়ে আসা হয়। এই ঘটনায় ক্যানিং থানায় অভিযোগ জানিয়েছেন আক্রান্ত ওই বৃদ্ধ। পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করতে পারিনি ক্যানিং থানার পুলিশ।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news