নীল রায়:
করিমপুর উপনির্বাচনে (Karimpur bye election) বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ জানাল তৃণমূল। মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের (TMC) পক্ষ থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত বক্সী একটি চিঠি পাঠিয়েছেন দিল্লির নির্বাচন কমিশনে। অভিযোগপত্রে তিনি লিখেছেন, তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mohua Moitra) ও থানারপুর থানার ওসির বিরুদ্ধে ভুল তথ্য পরিবেশন করে অভিযোগ দায়ের করেছে বিজেপি। যা সম্পূর্ণ ভিত্তিহীন এবং অসত্য। এবং সোশ্যাল মিডিয়ায় সেই প্রসঙ্গে বিকৃত করা ছবিও দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে। সঙ্গে এই ঘটনায় কমিশনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে তৃণমূলের পক্ষে।

এ প্রসঙ্গে নাকাশিপাড়া তৃণমূল বিধায়ক কল্লোল খাঁ-র অভিযোগ, “করিমপুরের আমাদের প্রার্থী স্থানীয়। যিনি দেশের একজন জাতীয় শিক্ষকও বটে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের সঙ্গে প্রার্থীর ভাবমূর্তি আমাদের জয় নিশ্চিত করেছে ইতিমধ্যে। বিজেপি এই আসনে জয় পাবে না জেনেই এমন সব ভিত্তিহীন করছে।” এ প্রসঙ্গে অবশ্য আক্রমণাত্মক মনোভাব নিচ্ছে বিজেপি। নদিয়া দক্ষিণ বিজেপির যুব সংগঠনের সভাপতি ভাস্কর ঘোষ বলেন, “বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হওয়ার আগেই মহুয়া মৈত্র থানারপুর থানার ওসি (Sumit Kumar Ghosh) সংখ্যালঘু এলাকায় গিয়ে বাড়ি বাড়ি তৃণমূল প্রার্থীর হয়ে ভোট চেয়েছেন। তার প্রমাণ আমাদের কাছে রয়েছে এবং আমরা বিষয়টি নির্বাচন কমিশনকে জানিয়েছিলাম।” তাঁর আরও বক্তব্য, “কৃষ্ণনগরের সাংসদের নিজস্ব নিরাপত্তা রক্ষী রয়েছে। ভোট প্রচারে একজন আইসি তাঁর সঙ্গে বাড়ি বাড়ি গিয়ে কি করছিলেন? এমন প্রশ্নের কোনও সদুত্তর নেই তৃণমূলের কাছে।”
প্রসঙ্গত, কৃষ্ণনগর থেকে সাংসদ হওয়ার কারণে করিমপুর বিধানসভার বিধায়ক পদ ছাড়তে হয়েছে মহুয়া মৈত্রকে। সেই কারণে নিজের বিধানসভায় তৃণমূল প্রার্থীকে জেতাতে পরিশ্রম করছেন মহুয়া। কিন্তু তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠল পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে ভোট প্রচারের। বিজেপির অভিযোগ খন্ডন করে পাল্টা বিজেপির (BJP) বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ তৃণমূল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news