নীল রায়
লোকসভা ভোটে তৃণমূলের লক্ষ্য কি হওয়া উচিত? দিল্লি দখল না বাংলা সামাল! তা নিয়ে দোটানায় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। যার জেরে মাত্র এক পক্ষকালের মধ্যেই স্লোগান বদলের ঘটনা ঘটেছে দলের অন্দরে। ভোটের দিনক্ষণ ঘোষণার কিছুদিন আগে নতুন লোগো প্রকাশ করে তৃণমূলের ডিজিটাল সেল। সেই সঙ্গে নতুন একটি স্লোগানও আনা হয় প্রকাশ্যে। যেখানে দলের প্রতীক ঘাসের উপর জোড়া ফুলের সঙ্গে লেখা ছিল “তৃণমূল আমার আপনার বাংলার”। ১২ মার্চ কালীঘাটে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যখন সাংবাদিক সম্মেলন করে প্রার্থীদের নাম ঘোষণা করলেন, তখন তাঁর পিছনের দেওয়ালে লোগো সমেত এই স্লোগানটি জ্বলজ্বল করছিল। এই ঘটনার ঠিক দু সপ্তাহ পর ২৭ মার্চ আবারও কালীঘাটে তৃণমূলের লোকসভা ভোটে ইস্তেহার প্রকাশ উপলক্ষ্যে সাংবাদিক সম্মেলন ডাকেন মমতা। তখন দেখা যায় মুখ্যমন্ত্রীর পিছনের ঘাসের ওপর জোড়া ফুল লোগোটি থাকলেও, বেমালুম উড়ে গিয়েছে “তৃণমূল আপনার আমার বাংলার” স্লোগানটি। বদলে ফিরিয়ে আনা হয়েছে সিঙ্গুর-নন্দীগ্রাম আন্দোলনের সময় কার স্লোগান “মা-মাটি-মানুষ”। কিন্তু কেন এই বদল? প্রশ্ন উঠছে তৃণমূল কংগ্রেসের কর্মী মহলে। কারণ দলীয় নির্দেশ মেনে প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরে দেওয়াল লিখনে ঘাসের উপর জোড়া ফুল প্রতীকের সঙ্গে “তৃণমূল আপনার আমার বাংলার” স্লোগানটি লেখা হয়ে গিয়েছে। এমতাবস্থায় আবার “মা মাটি মানুষ” স্লোগানটি ফিরিয়ে এনে কার্যত তাদের দেওয়াল লিখন প্রশ্নের মুখে পড়েছে। তৃণমূলের এক মুখপাত্র জানান, এ বিষয়ে তাঁর কিছু জানা নেই। যদিও নতুন লোগো প্রকাশ কিংবা “তৃণমূল আমার-আপনার বাংলা স্লোগান” প্রসঙ্গ তাঁরা ছিলেন অন্ধকারেই। “তৃণমূল আপনার আমার বাংলা” স্লোগান যখন তৃণমূল নেতৃত্ব প্রকাশ এনেছিল তখনই প্রশ্ন উঠতে শুরু করেছিল। কারণ রাজ্যের ৪২টি আসন জিতে দলনেত্রীকে যখন প্রধানমন্ত্রীর কুর্সিতে বসানোর ভাবনায় মশগুল দলের নেতাকর্মীরা সেই ভোটেই বাংলামুখী স্লোগান কেন? তবে সেই লক্ষ্যেই স্লোগান বদল কিনা তা নিয়ে কোনও সদুত্তর মেলেনি। তবে এটা ঠিক যে “মা-মাটি-মানুষ” স্লোগান নিয়ে সিপিএমের মতো সাংগঠনিক দলকে হারিয়েছিল মমতার দল। প্রতিপক্ষের ঝাণ্ডার রং বদলেছে। লালের বদলে তৃণমূলের প্রতিপক্ষ এখন গেরুয়া শিবির। রাজনৈতিক মহলের একাংশের মতে, গত সাত বছরে তৃণমূলের শাসনকালে রাজ্যে প্রতিষ্ঠানবিরোধী হাওয়া তৈরি হয়েছে। যাতে সেই হওয়া কোনওভাবেই তৃণমূলের আদি ভোটব্যাঙ্কের ক্ষতি না করতে পারে। সেই কারণেই “মা-মাটি-মানুষ” স্লোগানটি ফিরিয়ে আনা হয়েছে। যাতে বাংলার মানুষের কাছে বার্তা যায় মমতা আগের মতোই আছেন, মুখ্যমন্ত্রী হয়ে তাঁর ভাবনার এতটুকু বদল হয়নি। কিন্তু তৃণমূল নেতৃত্ব তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান বদলের কৌশল কতটা কার্যকরী হবে তা বলবে ২৩ মে-র বিকেল।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news