চিরঞ্জিত ঘোষ, বহরমপুর:
লোকসভা ভোটের আগে ফের উত্তপ্ত হয়ে উঠল মুর্শিদাবাদের ডোমকল। রবিবার মধ্যরাত্রে ডোমকলের ভগীরাথপুর গ্রাম পঞ্চায়েতের কুমারপুর এলাকায় বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে দুষ্কৃতিরা। আতঙ্কিত বিজেপি নেতার পরিবার সহ স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ডোমকলের ভগীরাথপুর পঞ্চায়েতের কুমারপুরের বাশিন্দা কৌশিক কুণ্ডু। কয়েকমাস আগে তিনি বিজেপিতে যোগদান করেন। এরপরই তাঁকে কুমারপুরের ৬২ নম্বর ও ৬৩ নম্বর বুথের কনভেনর করা হয়। প্রতিদিনের মতো রবিবার রাত্রে খাওয়ার পর ঘুমোতে যান বিজেপি কর্মী কৌশিক কুণ্ডু। তখনই তাঁর বাড়ির বাইরে বোমা ছোঁড়ে কয়েকজন দুষ্কৃতি বলে অভিযোগ।পরপর দুটি বোমা ফাটার শব্দে ঘুম ভেঙে যায় পরিবারের সদস্যদের। বোমা ছোঁড়ার পরই এলাকা ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতিরা। নির্বাচনের আগেই বুথ থেকে কিছুটা দুরেই এই বোমাবাজির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। বিজেপি কর্মী কৌশিক কুণ্ডু জানিয়েছেন, ভয়ে বিস্ফোরণের পর বাড়ির বাইরে আসেননি। সকালে বাড়ির বাইরে সকেট বোমার খোল দেখতে পান তিনি । কিছুদিন আগে শাসকদলের কিছু কর্মীর কাছে থেকে হুমকিও পাচ্ছিলেন কৌশিক। এই ঘটনায় খবর দেওয়া হয় ডোমকল থানার পুলিশকে। সোমবার সকালে পুলিশ এসে বোমার খোল দুটি উদ্ধার করে নিয়ে যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news