চ্যানেল হিন্দুস্তান ব্যুরো:
রাম মন্দির নির্মাণের সংকল্প নিয়েছিলাম। আজ তা পূর্ন হল। অযোধ্যায় রাম মন্দির নির্মাণের ভূমি পুজোয় উপস্থিত হয়ে বললেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত। তিনি বলেন, “আমরা সংকল্প নিয়েছিলাম। এত বছর পর সেই সংকল্প পূর্ণতার আনন্দ উপভোগ করছি। তবে এর জন্য অনেকে ত্যাগ স্বীকার করেছেন। তাঁদের খুবই অল্প সংখ্যক এখানে উপস্থিত রয়েছে। অনেকে আছেন যাঁরা এখানে আসতে পারেননি। আডবাণীজি বাড়িতে বসেই এই অনুষ্ঠানটি দেখছেন। সবচেয়ে বড় আনন্দ হল আত্মনির্ভর ভারত গড়তে যে বিশ্বাস ও চেতনা প্রয়োজন ছিল আজ তা পূর্ণতা পেল।”

পাশাপাশি সঙ্ঘ প্রধান রাম মন্দির নির্মাণের এই অনুষ্ঠান থেকে সকলকে সঙ্গে নিয়ে চলতে বলেছেন। এই ভারত সকলের উন্নতির পথে সহায়ক হবে বলে তিনি জানান। সঙ্ঘ প্রধানের কথায়, “আমাদের সবাইকে নিজেদের মনের মধ্যে অযোধ্যা সাজাতে হবে। এই ধর্মীয় কাজের জন্য ভগবান শ্রী রামকে যে ধর্ম হিসাবে বিবেচনা করা হয়, সেই ধর্মই সকলের মধ্যে সমন্বয় তৈরি করে। সকলের উন্নতি কামনা করে। তাঁর ধ্বজা উত্তোলনের মাধ্যমে আমরা এমন একটি ভারত তৈরি করতে পারি যা সকলের উন্নতি চাইবে। মনের মন্দিরটি কী হওয়া উচিত, তার জন্য আমাদের সকলের হৃদয়ে রামকে বসাতে হবে। নিজেদেরকে সকল অপরাধ, ব্যাধি এবং শত্রুতা থেকে মুক্ত থাকতে হবে। বিশ্বের পরিস্থিতি যাই হোক না কেন, আমাদের ব্যবহার ঠিক রাখতে হবে।”

একই সঙ্গে করোনার বিরুদ্ধে লড়াইয়ে রামের দৃঢ় চরিত্রের তুলনা টানেন মোহন ভাগবত। তিনি বলেন, “এই মুহূর্তে গোটা বিশ্ব জুড়ে করোনা সংক্রমণ চলছে। এই সংক্রমণের জন্য কোথায় ভুল হয়েছে এবং কীভাবে এর মোকাবিলার পথ খুঁজে পাওয়া যাবে তা নিয়ে পুরো বিশ্ব ভাবছে। আজ দুটি রাস্তা তো আমরা দেখে নিয়েছি। তৃতীয় রাস্তা কী আছে? কিন্তু আজ যদি আমরা প্রভু শ্রীরামের চরিত্রের দিকে লক্ষ্য করি তবে আমাদের মধ্যে পরাক্রম, বীরত্ব দেখতে পাব। আজকের এই দিনে আমরা সেই বিশ্বাস এবং অনুপ্রেরণা পাব। এর মধ্যে কোনও ব্যতিক্রম নেই। কারণ সবই রাম এবং রাম সবারই।”

প্রসঙ্গত, ভূমি পুজো শেষে ভাষণ মঞ্চে ছিলেন মাত্র ৫ জন উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ছিলেন মোহন ভাগবত, উত্তর প্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সভাপতি মহন্ত নৃত্যগোপাল দাস। প্রধানমন্ত্রী হওয়ার পর এই প্রথম ভাগবতের সঙ্গে একই মঞ্চে উপস্থিত ছিলেন মোদী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news