ওয়েব ডেস্কঃ
গত বছর সমীক্ষায় উঠে এসেছিল দেশের মোট সম্পত্তির বেশিরভাগই রয়েছে ১ শতাংশ মানুষের হাতে। এবছর দেশের ধনী ব্যক্তির সংখ্যা বেড়েছে কিন্তু ধনীদের সম্পত্তির পরিমাণ গত বছরের তুলনায় কমেছে বলে দাবি করল আইআইএফএল নামে একটি সংস্থা। ওই সংস্থার রিপোর্ট অনুসারে, দেশে ধনী ব্যক্তিদের গড় সম্পদের পরিমাণ গত বছরের তুলনায় ১১ শতাংশ কমেছে। ওই সংস্থার দাবি, গত বছর ৮৩১ জন ভারতীয়ের সম্পত্তির পরিমাণ হাজার কোটি টাকার বেশি ছিল। এবছর তা বেড়ে হয়েছে ৯৫৩ জন।
ওই সংস্থাটির আরও দাবি, এই ৯৫৩ জনের সম্পদ ভারতে মোট জিডিপির ২৭ শতাংশ। অর্থাৎ গত বছরের তুলনায় এবছর ভারতে ধনীর ব্যক্তির সংখ্যা বেড়েছে। যা অর্থনীতির ক্ষেত্রে খুবই ইতিবাচক। অর্থনীতিবিদদের মতে, দেশে মোট সম্পত্তির পরিমাণ কিছু সংখ্যক মানুষের মধ্যে সীমাবদ্ধ না থেকে, যত তা বিস্তৃত হবে ততই তা দেশের পক্ষে উন্নতির কারণ হবে। এছাড়া জিডিপির বৃদ্ধির জন্য অর্থের ভারসাম্য থাকা খুবই প্রয়োজন বলে তাঁরা মনে করেন।
ওই সংস্থাটি ভারতে বর্তমান ধনী ব্যক্তিদের তালিকা ও সম্পত্তির পরিমাণও প্রকাশ করেছে। গত ৮ বারের মতো এবারেও প্রথম স্থানে রয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার মুকেশ আম্বানি। তাঁর সম্পত্তির পরিমাণ ৩ লক্ষ ৮০ হাজার ৭০০ কোটি টাকা। ওই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন এসপি হিন্দুজা ও পরিবার। তাঁর সম্পত্তির পরিমাণ ১ লক্ষ ৮৬ হাজার ৫০০ কোটি টাকা। ১ লক্ষ ১৭ হাজার ১০০ কোটির সম্পদ নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন উইপ্রোর আজিম প্রেমজি। ধনী মহিলা হিসেবে ওই তালিকায় শীর্ষে রয়েছেন এইচসিএল টেকনোলজির রোশনী নাদার। তাঁর সম্পত্তির পরিমাণ ৩১ হাজার ৪০০ কোটি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news