ওয়েব ডেস্ক:
৪ বছর আগে গিরিশপার্কে এসআই (SI)-কে গুলি করে মারার ঘটনায় বেকসুর খালাস হয়ে গেল অভিযুক্তরা। এদিন বিচারক জানান, অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই রায়। গিরিশ পার্কে এসআই জগন্নাথ মণ্ডলকে গুলি মারার ঘটনায় মূল অভিযুক্ত ছিল পোস্তার ‘দাদা’ বলে পরিচিত গোপাল তিওয়ারি সহ ১৩ জন।
২০১৫ সালের ১৮ এপ্রিলের ঘটনা। কলকাতা মিউনিসিপ্যাল নির্বাচনের একেবারের শেষ দিকে দু’পক্ষের ঝামেলা থামাতে গিয়ে গিরিশপার্কে আক্রান্ত হন এসআই জগন্নাথ মণ্ডল। গুলি লাগে তাঁর কলার বোনে। অভিযুক্ত হয় গোপাল তিওয়ারি। উল্লেখ্য, ওই নির্বাচনে ২১ নম্বর ওয়ার্ডের তৃণমূলের প্রার্থীর প্রচারে দেখা গিয়েছিলো গোপালকে। ঘটনার পরেই নিখোঁজ হয় গোপাল। অন্য দুই অভিযুক্ত অশোক শাহ ও দীপক সিংহ ধরা পড়ে পুলিশের হাতে। তারাও এলাকার তৃণমূল নেত্রী স্মিতা বক্সীর ঘনিষ্ট বলে পরিচিত। পরিবারও দাবি করে দু’জনেই সক্রিয় তৃণমূলকর্মী।
এদিকে বাবুঘাট থেকে গ্রেফতার হয় গুলি চালানোয় মূল অভিযুক্ত ইফতিকার আলম, কিশোর পাসোওয়ান, শিব রাউত ও মনোজ মালিক। যারা মধ্যকলকাতার কুখ্যাত দুষ্কতী বলে পরিচিত। অভিযোগ, ভোটের সময় এরা শাসকদলের হয়ে কাজ করছিল। যদিও সেই অভিযোগ অস্বীকার করে তৃণমূল। শেষ পর্যন্ত ঘটনার চারদিন পর ধরা পড়ে মূল গোপাল তিওয়ারি। মামলা শুরু হয় আদালতে।
জানা গিয়ছে, বর্তমান মামলায় পুলিশ ২৬১ পাতার চার্জশিট জমা দিয়েছিল আদালতে। মোট অভিযুক্তের সংখ্যা ছিল ১৯ জন। চার বছর ধরে চলা মামলায় ৫৭ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। আজ ছিল রায়দান। দোষীদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৩ জন অভিযুক্তকেই বেকসুর খালাস করে দিল আদালত।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news