ওয়েব ডেস্কঃ
ভারতে বাণিজ্যের পরিবেশ নিয়ে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছিলেন, ভারতে মার্কিন পণ্যের ওপর প্রচুর পরিমাণে কর বসানো হয়। যা একেবারেই অনুচিত। এছাড়া ভারতের বাজারে মার্কিন পণ্য তুলনামূলকভাবে অনেক কম পাওয়া যায় বলে তিনি দাবি করেছিলেন। এবার ট্রাম্পের সেই দাবিকে গুরুত্ব দিয়ে ভারতে মার্কিন সংস্থাগুলিকে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
নিউইয়র্ক রাষ্ট্রসঙ্ঘের সাধারণ বৈঠকের মাঝে একটি বাণিজ্যিক অনুষ্ঠানে মোদী বলেন, “আপনারা যদি চাহিদাপূর্ণ বাজারে বিনিয়োগ করতে চান, তাহলে ভারতে আসুন। আপনারা যদি একটি বিশাল বাজারে ব্যবসা শুরু করতে চান, তাহলে ভারতে আসুন। আপনারা যদি বিশ্বের সর্ববৃহৎ পরিকাঠামো বাস্তুতন্ত্রে বিনিয়োগ করতে চান, তাহলে ভারতে আসুন।”
একইসঙ্গে ওই অনুষ্ঠানে মোদী উল্লেখ করেন, চলতি মাসে ভারতে করপোরেট কর কমিয়ে বিশ্বের বৃহত্তম আর্থিক শক্তিধর দেশগুলির সমান করা হয়েছে। যা বাণিজ্যের ক্ষেত্রে ভারতীয় বাজারে এককথায় বিশাল পরিবর্তন। এছাড়া ভারতে পরিকাঠামো উন্নয়নে বিপুল অর্থ বিনিয়োগ করা হয়েছে। যা নতুন বিনিয়োগ টানতে বদ্ধপরিকর। এমনকি প্রতিরক্ষা ক্ষেত্রেও বিনিয়োগের সুযোগ দেওয়া হবে বলে জানান মোদী।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news