তরুণ সেন :
ভারতলক্ষ্মী স্টুডিওর পাশের বস্তির বেশ কিছু মদ্যপ যুবক তক্তা, বাঁশ, লাঠি, টিউব লাইট নিয়ে স্টুডিওর ভেতরে ঢুকে এসে হামলা চালালো এবং রক্তারক্তি কাণ্ড ঘটিয়ে গেল পরিচালক রবি কিনাগির ছবির সেটে। প্রায় মিনিট পনেরো ধরে চলে তাদের তাণ্ডব। ঘটনাটি ঘটেছে রাত্রি আটটা নাগাদ। স্টুডিওতে ঢুকতেই ডান দিকে মেলার সেট পড়েছিল, সেটা পুরো ভেঙে গুঁড়িয়ে দিয়েছে তারা। ছবির অভিনেতা সোহমের একজন দেহরক্ষীর মারাত্মক রকমভাবে মাথা ফাটিয়ে দিয়েছে। সোহমকে কোনোরকমে গার্ড করে তাদের হাত থেকে রক্ষা করেছেন তাঁর অন্য দেহরক্ষী ও টেকনিশিয়ানরা। তাদের হাতে আহত হয়েছেন পরিচালক, স্টুডিওর গার্ড এবং আরও কয়েকজন। উন্মত্ত যুবকেরা সেটের সামনে থাকা বেশ কিছু গাড়ি ভেঙেছে, শ্যুটিং-এর লাইটও তাদের রোষ থেকে ছাড় পায়নি। স্টুডিওর সামনের দিক থেকে ইট ছুঁড়তে ছুঁড়তে মারমুখী হয়ে তারা নেতাজি, ত্রিনয়নী সিরিয়ালের ফ্লোরের দিকে এগিয়ে আসতে থাকে। সমস্ত স্টুডিওতেই এক আতঙ্কের পরিবেশ তৈরি হয় মুহূর্তের মধ্যে। তাদের এলোপাথাড়ি মার থেকে বাঁচতে শুরু হয় ছোটাছুটি। স্টুডিও ও ফ্লোরের দায়িত্বে থাকা স্টাফেরা তাদের প্রতিহত করে তাড়িয়ে নিয়ে গিয়ে স্টুডিওর মেইন গেট বন্ধ করে দেন, পিছনের গেট বন্ধ করে দেন। তবু তারা ইট ছুঁড়ে গেটের বাইরে আস্ফালন করতে থাকে। টালিগঞ্জ ফাঁড়ির পুলিশকে ফোন করা হয়, কিন্তু এই ঢিলছোঁড়া দূরত্বে পৌঁছতেও প্রায় চল্লিশ মিনিট লেগে যায়। তৎপরতার সঙ্গে পিছনের গেট দিয়ে বিপজ্জনকভাবে আহত দেহরক্ষীকে স্থানীয় বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঘটনার সূত্রপাত রাত্রি সাড়ে সাতটা নাগাদ। তখন এক মদ্যপ যুবক বার বার সোহমের কাছে গিয়ে তাঁর সঙ্গে ছবি তুলতে চাইছিল। সোহমের দেহরক্ষী তাঁর মদ্যপ ও উন্মত্ত অবস্থা লক্ষ্য করে তাকে সরিয়ে দেন। কিন্তু তবুও যুবকটি বার বার সোহমের কাছে যাওয়ার চেষ্টা করতে থাকে। দেহরক্ষী তাকে বাধা দেন প্রতিবার। তখন যুবকটি আরো উন্মত্ত হয়ে দেহরক্ষীকে সজোরে ধাক্কা মারে এবং তারপরই দেহরক্ষী তাকে চড় মেরে আবার সরিয়ে দেন। এতেই ক্ষেপে গিয়ে তার সশস্ত্র মদ্যপ সাগরেদদের নিয়ে স্টুডিওতে ঢুকে চড়াও হয় এবং যথেচ্ছ তাণ্ডব চালায়। বেশ কয়েকলক্ষটাকার সেট নিমেষের মধ্যে তারা নষ্ট করে দেয়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news