নীল রায়
বাংলার রাজনীতির ইতিহাসে ঐতিহাসিক ব্রিগেড সমাবেশ হতে চলেছে নরেন্দ্র মোদীর। এমনটাই দাবি করলেন বিজেপি নেতা মুকুল রায়। আজ গেরুয়া শিবিরের বহু প্রতীক্ষিত ব্রিগেড সমাবেশ। সেই সমাবেশ যে সবদিক থেকেই বিশাল ও সর্ববৃহৎ জনসমাবেশের চেহারা নেবে তা নিয়ে আশাবাদী মুকুল রায়। তিনি বলেন, “নরেন্দ্র মোদীর নেতৃত্বে এক ইতিহাস সৃষ্টি করবে এদিনের ব্রিগেড সমাবেশ।” তাঁর আরও বক্তব্য, “উত্তরবঙ্গের জন্য শিলিগুড়িতে পৃথক সভা করছেন প্রধানমন্ত্রী। তা সত্ত্বেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যে পরিমাণ জন সমাগম হবে তা বাংলা তথা দিল্লির শাসকদের কাছে চিন্তার কারন হবে।” এই সমাবেশ থেকেই যে বাংলায় বিজেপির জয় যাত্রা শুরু হবে তাও দাবি করেছেন এই নেতা।

উল্লেখ্য নরেন্দ্র মোদীর জনসভার জেরে নিজের নির্বাচনী প্রচার সভা একদিন এগিয়ে এনেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রধানমন্ত্রীর শিলিগুড়ির জনসভা শেষ হলেই দিনহাটায় কোচবিহার লোকসভা তৃণমূল প্রার্থী পরেশ অধিকারী সমর্থনে জনসভা করবেন মমতা। সেই সভা থেকেই মোদীর আক্রমণের জবাব দেবেন তিনি। কিন্তু মুকুলের বক্তব্য, “তৃণমূল কংগ্রেস তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি বাংলার মানুষের কাছে ধরা পড়ে গিয়েছে। তাই লোকসভা ভোটে জনসভা করে তৃণমূল প্রধানমন্ত্রীর আক্রমণের জবাব দিলেও রাজ্যে পদ্ম ফুল ফোটা রুখতে পারবেন না মমতা।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news