চিরঞ্জিত ঘোষ, বহরমপুর:
ফের নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য শাসক দলের। এবারের ঘটনা মুর্শিদাবাদের রুকুনপুরে। বুধবার এখানে কমিশনের নির্দেশকে বুড়ো আঙুল দেখিয়ে এলাকা দাপিয়ে বেড়াল তৃণমূলের কয়েকশো বাইক বাহিনী ।
নির্বাচন ঘোষণা হতেই দলীয় প্রার্থীর হয়ে জোরদার প্রচার শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দল। সেই প্রচারেই মাঝেমধ্যেই নির্বাচন কমিশনের আদেশ অমান্য করার অভিযোগও জমা পড়েছে শাসক দলের বিরুদ্ধে। এবার ফের একবার নির্বাচন কমিশনের আদেশ অমান্য করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

বুধবার সকাল থেকে মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের রুকুনপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী আবু তাহের খান প্রচার করেন। এদিন হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই প্রচার শুরু হয় হরিহরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে। অভিযোগ এদিন প্রার্থী আবু তাহের খান হুডখোলা গাড়িতে করে প্রচার করলেও তাঁর সঙ্গে ছিল কয়েকশো মোটর বাইক। প্রার্থীকে সঙ্গে নিয়ে এমন ভাবেই বহু এলাকা দাপিয়ে বেড়াল কয়েকশো বাইক। যদিও এই বাইক আরোহীদের মধ্যে কারও কারও মাথায় হেলমেট থাকলেও অধিকাংশ বাইক আরোহীর মাথা ছিল ফাঁকা। আর এখানেই প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনের নির্দেশনা না মেনে কিভাবে তৃণমূল প্রার্থী কয়েকশো বাইক নিয়ে প্রচার করলেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news