নীল রায়
“ব্যর্থ শিক্ষামন্ত্রীকে ক্রীড়াক্ষেত্রে সুযোগ দিন।” এমনই আবেদন নিয়ে সভাপতি তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে খোলা চিঠি দিল সিপিএমের ছাত্র ও যুব সংগঠন এসএফআই-ডিওয়াইএফআই।সিপিএমের ছাত্র যুব সংগঠন-এর পক্ষ থেকে বাংলার মহারাজের কাছে দাবি করা হয়, বাংলার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে টিম ইন্ডিয়ায় সুযোগ করে দেওয়ার জন্য উদ্যোগ নিন সৌরভ। বুধবারও মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় জীবন বিজ্ঞানের প্রশ্নপত্র। এরপরে বিরোধী রাজনৈতিক দলগুলো সম্মিলিত ভাবে আক্রমণ করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। সোশ্যাল মিডিয়ায় নানা ব্যঙ্গচিত্র প্রকাশিত হতে থাকে মাধ্যমিক পরীক্ষা ও শিক্ষামন্ত্রীকে ঘিরে। দেখা যায় কোথাও “সাত বলে সাতটিতেই ছক্কা মেরে” ক্রিকেটার যুবরাজ সিংয়ের রেকর্ড ভেঙেছেন পার্থ চট্টোপাধ্যায়। কোথাও দেখা যায় মাধ্যমিকের সাত নম্বর পরীক্ষা জীবন বিজ্ঞানের প্রশ্নপত্র ফাঁস হওয়ায় নৈতিক জয় হয়েছে শিক্ষামন্ত্রীর। এদিন বিকেলে প্রেস বিজ্ঞপ্তি জারি করে এসএফআই ও ডিওয়াইএফআই। এখানেই সৌরভ গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করে লেখা হয় একটি খোলা চিঠি। তাতে লেখা হয়,“আমরা এ রাজ্যের মানুষ এতদিন ক্রিকেটে রোল মডেল হিসেবে আপনাকেই চিনতাম। কিন্তু এখন আমরা বুঝতে পারছি, আপনি ততটা সফল হয়ে উঠতে পারেননি। এক নতুন প্রতিভার উন্মেষ আপনার গৌরবকে ছাপিয়ে গিয়েছে।” এরপরই সৌরভকে অনুরোধ করা হয়, টিম ইন্ডিয়াতে পার্থ চট্টোপাধ্যায়কে অন্তর্ভুক্ত করানো হোক। ফলে রাজ্য শিক্ষাব্যবস্থা যেমন তার হাত থেকে অব্যহতি পাবে। তেমনই ক্রীড়া জগতে দেশের নাম উজ্জ্বল হবে। মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়া নিয়ে গত সপ্তাহ থেকে সংবাদমাধ্যমকে দায়ী করে এ প্রসঙ্গে বিবৃতি দেওয়া বন্ধ করে দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ফলে প্রসঙ্গে তার কোনও প্রতিক্রিয়া মেলেনি।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news