নীল রায়
কার্যত চাপে পড়ে রাজ্যের দুই শহীদ পরিবারের জন্য ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, পুলওয়ামা কাণ্ডে নিহত রাজ্যের দুই জওয়ান বাবলু সাঁতরা এবং সুদীপ বিশ্বাসের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। সেই সঙ্গে মুখ্যমন্ত্রী আরও বলেন, “নিহত দুই জওয়ানের পরিবারের লোক যদি চাকরি করতে চান, তাহলে রাজ্য সরকার সেই ব্যবস্থাও করবে।” উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কেরালা, মধ্যপ্রদেশ সহ সমস্ত রাজ্যের নিজ নিজ রাজ্যের শহীদ পরিবারের জন্য বিপুল অঙ্কের কোন ক্ষতিপূরণ ঘোষণা করে দিয়েছিল। তারপর থেকেই চাপ তৈরি হচ্ছিল পশ্চিমবঙ্গ সরকারের ওপর। যদিও বিরোধী রাজনৈতিক দলগুলির দাবি, তাদের আক্রমণের চাপে পড়েই ক্ষতিপূরণ ঘোষণা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। এদিনে বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী শহীদ পরিবারের সদস্যদের ক্ষতিপূরণের দাবিতে চিঠি লেখেন। সদ্য বিজেপিতে যোগ দেওয়া প্রাক্তন ছাত্রনেতা শঙ্কুদেব পণ্ডা এদিন দুপুরে শহীদ পরিবারের সদস্যদের ক্ষতিপূরণের দেওয়ার দাবিতে একটি ফেসবুক পোস্ট করেন। তারপরই মুখ্যমন্ত্রীর ঘোষণা। যদিও মধ্যপ্রদেশে কমল নাথের সরকার শহীদ পরিবারকে এক কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছে। উওরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার ও মহারাষ্ট্রের দেবেন্দ্র ফড়নবীশের প্রশাসন যথাক্রমে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিয়েছেন।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news