সূর্য সরকার:
বউবাজারের ভেঙে পড়ল দু’টি বাড়ি। আতঙ্ক গোটা এলাকায়। আরও কয়েকটি বাড়িতে চওড়া ফাটল। প্রতি মুহূর্তেই বাড়ছে ফাটলের বহর। পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান মেয়র তথা পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।
স্থানীয় মানুষের ক্ষোভ সামলাতে ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী ও বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। অভিযোগ, ইস্ট-ওয়েস্ট মেট্রোর বোয়িং মেশিনের কাজের কম্পনের জন্যই এই বাড়িতে গুলিতে ফাটল ধরেছে। কম্পনের মাত্রা সহ্য করতে না পেরে এই দুটো বাড়ি ভেঙে পড়েছে। ইস্ট-ওয়েস্ট মেট্রো কর্মীরাও রয়েছেন ঘটনাস্থলে। ক্ষোভের আঁচ টের পেয়ে টানেল তৈরির কাজ আপতত বন্ধ রেখেছে মেট্রো কর্তৃপক্ষ। পাশাপাশি ঘোষণা করেছে, ভেঙে পড়া বাড়ি নতুন করে তৈরি করে দেওয়ার।
ভেঙে পড়া বাড়ির মধ্যে কেউ আটকে রয়েছেন কিনা, চলছে তার খোঁজও। এলাকা খালি করছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে স্থানীয় হোটেল ও গেস্ট হাউসে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশেষ কন্ট্রোল রুম খুলেছে কলকাতা পুরসভা।
জানা যাচ্ছে, বেশ কটা বাড়িতে শুধু ফাটল নয়, খসে পড়ছে বাড়ির চাঙড়। বেশ কয়েকটি বাড়িও হেলে রয়েছে। বাসিন্দাদের অভিযোগ ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্যই এলাকার বাড়িগুলির এই অবস্থা। অভিযোগ, মাটির নীচে প্রচণ্ড শব্দ করে ইস্ট-ওয়েস্ট মেট্রো প্রকল্পের টানেল বোরিং মেশিন কাজ করছে। তার জেরেই কলকাতা পুরসভার ৪৮ নম্বর ওয়ার্ডে বউবাজার এলাকার দুর্গা প্রিটোরিয়া লেন ও স্যাঁকরা পাড়ার একাধিক বাড়ি বর্তমানে এই অবস্থায় এসে দাঁড়িয়েছে। শনিবার রাত থেকেই আশঙ্কায় ভুগছেন বাসিন্দারা। রবিবার সকালে ওই বাড়িগুলি পরিদর্শন করেন বউবাজার থানার পুলিশ, মেট্রো কর্তৃপক্ষ, ইঞ্জিনিয়ার, কলকাতা পুরসভার আধিকারিক, দমকল ও বিপর্যয় মোকাবিলা দলের কর্মীরা। গতকাল সন্ধ্যায় হঠাৎ ভূমিকম্পের মতো কয়েকটি বাড়ি কাঁপতে থাকে। কয়েকটি বাড়ির মেঝে ও গায়ে ফাটল দেখা যায়। বাসিন্দারা আতঙ্কিত হয়ে রাস্তায় বেরিয়ে দেখেন, রাস্তাতেও ফাটল ধরেছে। তিনতলার একটি বাড়ির চাঙড় ভেঙে পড়ে।
তাঁদের আরও অভিযোগ, মেট্রো কর্তাদের জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেয়নি৷ পুরনো কলকাতা হওয়ায় একটার সঙ্গে একটা বাড়ি যুক্ত রয়েছে৷ ফলে একটা বাড়ি ধসে পড়লে তার প্রভাব অন্য বাড়িগুলিতেও পড়ছে। খবর পেয়ে শনিবার রাতেই মেট্রোর ঠিকাদার সংস্থার ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে গেলে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়রা। ইঞ্জিনিয়রদের বক্তব্য, প্রিটোরিয়া লেনের বাসিন্দাদের সরানো হয়নি কারণ মেট্রোর কাজের জন্য সেখানে ক্ষতির আশঙ্কা ছিল না। গোটা বিষয়টি খতিয়ে দেখছে বলে মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news