নিজস্ব প্রতিবেদন:
আজ কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে দিন-রাতের টেস্ট খেলবে ভারতীয় দল। ভারতে হওয়া প্রথম গোলাপী বলে দিন-রাতের টেস্ট একটা চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। শুক্রবার বিরাট বলেন, “গোলাপী বল হকি বলের মতো কিছুটা শক্ত ও ভারী হয়। ফলে এই বলে ফিল্ডিং করার সময় একটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারি।”

কোহলির মতে, ফিল্ডিং সেশনে আমি খুবই অবাক হয়েছি। বল ভারী হওয়ার জন্য স্লিপে যে থাকবে, তার ফিল্ডিং করতে একটু অসুবিধা হবে। বল ভারী হওয়ার জন্য আমরা প্র্যাকটিসের সময় দেখেছি, এই বল ছোঁড়ার সময় জোরে ছুঁড়তে হয়। সাদা ও লাল বলের গতি সম্বন্ধে আমাদের একটা ধারণা রয়েছে, এক্ষেত্রে সেটা নেই। তাই বল সবসময় চোখে চোখে রাখতে হবে, না হলে ফিল্ডিং খারাপ হতে পারে। এছাড়া দিনের বেলা অনেক উঁচুতে ওঠা ক্যাচ ধরার ক্ষেত্রেও সমস্যা হতে পারে গোলাপী বল।

নবনিযুক্ত বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে এই চ্যালেঞ্জ দেখতেই মাঠে হাজির থাকবেন হাজারো দর্শক। ইতিমধ্যে প্রথমদিনের প্রায় সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। গোলাপী আলোতে সেজে উঠেছে কলকাতা সহ পুরো স্টেডিয়াম। এ দিন এই ম্যাচ উপলক্ষে ইডেনে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news