নিজস্ব প্রতিনিধি:
কয়েকদিন আগেই কোন্নগর পৌরসভার পুরপ্রধান বাপ্পাদিত্য চ্যাটার্জির বিরুদ্ধে পৌরসভার টাকা তছরূপের অভিযোগ তোলেন দলের এক কাউন্সিলর। আর এবার বেআইনি ভাবে প্রমোটারদের বিল্ডিং বানানোর ছাড়পত্র দেওয়ার অভিযোগে পোষ্টার পড়ল কোন্নগর শহর জুড়ে।
গতকাল রাতে কোন্নগর শকুন্তলা কালী বাড়ি মন্দির সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি পোষ্টার পরে। সেই পোষ্টারে লেখা আছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় কেউ বাড়ি করতে গেলে যদি একটা দুটো গাছ কাটে তাহলে সেই বাড়ি বানানোর ছাড়পত্র দেন না পুরপ্রধান, অথচ কোনো প্রমোটার যদি বিল্ডিং বানানোর জন্য এক বা একাধিক গাছ কাটেন তাহলে কোনো বাধা দেন না পুরপ্রধান বাপ্পাদ্বিতৎ চ্যাটার্জি।
পোষ্টারে আরও লেখা আছে এগারো নম্বর ওয়ার্ডের এস সি চ্যাটার্জি স্ট্রিটে এক কাঠার কম জমিতে কি করে পাঁচ তলা বিল্ডিং বানানোর ছাড়পত্র দিল পৌরসভা। এই বেআইনি বিল্ডিং অবিলম্বে ভাঙ্গতে হবে আর দোষী প্রমোটারকে উপযুক্ত শাস্তি দাবি জানানো হয়। এপ্রসঙ্গে কোন্নগর মন্ডল বিজেপি সভাপতি সুভাষ গুহ প্রশ্ন তুলেছেন, বেআইনি বিল্ডিং ভাঙ্গতে হবে, যেখানে এক কাঠা জমিতে ন্যানো বাড়ির ছাড়পত্র দিচ্ছে না, সেখানে এক কাঠা জমির উপর পাঁচ তলা বিল্ডিং কি ভাবে হয়? এই বিষয় নিয়ে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবে বলে জানান তিনি।
এই বিষয়ে কোন্নগর পৌরসভার পুরপ্রধানের সাথে যোগাযোগ করলে উনি বলেন, আমি তো বিল্ডিং বিভাগের দায়িত্বে নেই, এইটা উপ পুরপ্রধান গৌতম দাস দেখেন, যা বলার উনি বলবেন। এরপর গৌতম দাসের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি শ্রীরামপুরে এসেছি ব্যক্তিগত কাজে, পরে কথা বলব। কিছুক্ষন পরে আবার ফোন করলে উনি বলেন, কলকাতায় আছি, পরে কথা বলব। এই বলে ফোন কেটে দেন। যদিও স্থানীয় তৃণমূল নেতা স্বপন দাস বলেন, “বিজেপি বলে কেউ নেই, কে বা কারা এই পোষ্টার মারল আমরা বলতে পারবো না, তবে যদি কারো সাহস থাকে তাহলে সামনে থেকে রাস্তায় নেমে আমাদের ভুলটা দেখিয়ে দিক। রাতের অন্ধকারে এই ভাবে পোষ্টার মেরে কোনো লাভ নেই।”
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news