ভাস্কর মান্না:
লোকসভায় বিরোধী দলনেতার দাবিতে, মোদীকে আন্তরিক হতে বললেন কংগ্রেসের লোকসভার মুখ্য সচেতক কে সুরেশ। মঙ্গলবার তিনি বলেন, প্রযুক্তিগত ভাবে দেখতে গেলে এই পদের দাবিদার কংগ্রেস। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিরোধীদের সঙ্গে যে সঙ্গতির কথা মুখে বলেন, কার্যক্ষেত্রে সেই ব্যাপারে তাঁর আন্তরিক হওয়া প্রয়োজন।
প্রসঙ্গত, ১৮ জুন ১৭ তম লোকসভা অধিবেশন শুরুর প্রথম দিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, “সংসদীয় গণতন্ত্রে একটি শক্তিশালী বিরোধী থাকা প্রয়োজন। সেখানে সংখ্যাটা বড় নয়।” মোদীর ওই বক্তব্যকে হাতিয়ার করে এদিন সুরেশ বলেন, সংখ্যার দিক থেকে এই পদের যোগ্যতা অনুযায়ী কংগ্রেস দূরে আছে। কিন্তু প্রযুক্তিগতভাবে দেখলে লোকসভায় দ্বিতীয় বৃহত্তম দল কংগ্রেস। এছাড়া ইউপিএকে সঙ্গে নিলে সংখ্যাটা দাঁড়ায় ৯২।
পাশাপাশি তিনি মোদীকে আর্জি জানিয়ে বলেন, যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আন্তরিকভাবে বিরোধীদের গুরুত্ব আছে বলে মনে করেন, তাহলে কংগ্রেসকে বিরোধী দল নেতার পদ এবং অন্য যেকোনো বিরোধী পার্টিকে ডেপুটি স্পিকার দেবেন।
উল্লেখ্য, বিরোধী দলের মধ্যে যে দল ১০ শতাংশ আসন পাবে, সেই দলের নেতা বিরোধী দলনেতার মর্যাদা পায়। কিন্তু এক্ষেত্রে ৫৪৫ লোকসভা আসনের মধ্যে বিরোধী দল গুলোর মধ্যে সর্বাধিক কংগ্রেস পেয়েছে ৫২ টি আসন। যেখানে প্রয়োজন ছিল ৫৫ টি আসনের। আবার ১৯৭৭ সালে বিরোধী দলের আইনে বলা আছে, বিরোধী দলের মধ্যে যে দল সংসদে সর্বাধিক আসন পাবে, সেই দল বিরোধী দলের মর্যাদা পাবে।
Channel Hindustan Channel Hindustan is Bengal’s popular online news portal which offers the latest news